পাকিস্তানকে টানা দুই টেস্টে হারিয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো ধবলধোলাই করেছে বাংলাদেশ। মাত্র ১০ দিনের ব্যবধানে দুটি টেস্ট জিতে দারুণ আত্মবিশ্বাসী এখন নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই সাফল্য নিয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক।
শান্ত বলেন, ‘এই জায়গাটাতে আরও একটু উন্নতির দরকার আছে। বড় দলগুলো হয়তো আরও শান্ত থাকে। কিন্তু এই জায়গাটাতে উন্নতি হয়েছে। তাই, এই জায়গা থেকে আমি খুশি অধিনায়ক হিসেবে। আর সামগ্রিকভাবে হ্যাঁ, ১০ দিনে দুটি টেস্ট ম্যাচ খেলতে পেরেছি, এটা অবশ্যই গর্বের ব্যাপার।’
ভবিষ্যতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো বড় দলের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলতে চায় বাংলাদেশ বলেও জানান শান্ত। তিনি বলেন, ‘এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই দলগুলোর সাথেও আমরা বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যাওয়ে দুটোতেই। কারণ আমি যেটা বললাম যে আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাব, ওই নতুন অভিজ্ঞতাগুলো আমাদের যখন হবে, তখনই দল আস্তে আস্তে গড়ে উঠবে।’
আইসিসির কাছেও বেশি টেস্ট ম্যাচের প্রত্যাশা করেছেন টাইগার অধিনায়ক। শান্ত বলেন, ‘আশা থাকবে যে আইসিসি আমাদের বেশি বেশি করে সব দলের সাথে টেস্ট ম্যাচ দিবেন। এখন আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এটা একটা ইতিবাচক দিক, কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত উনাদের সাথেও যদি আমরা আরও ভালোভাবে বেশি ম্যাচ খেলতে পারি, অবশ্যই এটা আরও ভালো হবে আমার দলের জন্য।’
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব দিয়েছেন পেসারদের। শান্ত বলেন, ‘ফাস্ট বোলাররা এই গরমে, ফ্ল্যাট উইকেটে দারুণ করেছে। এই উন্নতি আমরা সবসময় চেয়েছি। আমাদের দারুণ পার্টনারশিপ হচ্ছে। টেলএন্ডাররাও অবদান রাখছে। আমরা এসব জায়গায় উন্নতি চেয়েছিলাম, আশা করি ধরেও রাখতে পারব।’