রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় শোক আর ক্ষোভে স্তব্ধ পুরো দেশ। ছোট্ট এই শিশুকে হারানোর বেদনা ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনকেও। সাধারণ মানুষের পাশাপাশি বিচার দাবিতে সরব হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, ‘ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো ফুটবে না... ’
এই কয়েকটি শব্দেই যেন ফুটে উঠেছে এক শিশুকে হারানোর অসহনীয় বেদনা। সেই সঙ্গে বিচার দাবিও জানিয়েছেন জ্যোতি। পোস্টে তিনি লিখেছেন, ‘রামিসা হত্যার বিচার চাই! জাস্টিস ফর রামিসা।’
রামিসা হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের আরও কয়েকজন ক্রিকেটার। অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম নিজের ফেসবুকে লিখেছেন, ‘এই নিষ্পাপ শিশুর জন্য দ্রুত ও সঠিক বিচার আমি জোরালোভাবে দাবি করছি। কোনো পরিবার যেন কখনও এমন অসহনীয় কষ্ট ও ট্র্যাজেডির মধ্য দিয়ে না যায়।’
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী সেকশন-১১-এর ব্লক বি এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের (৭) মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই বাসার বাথরুম থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা।