২০২৬ বিশ্বকাপের আগে ফুটবলের রেফারিংয়ে আসছে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) আগের চেয়ে আরও বেশি পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে পারবে, যা ম্যাচের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে।
ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড) জানিয়েছে, কর্নার বা ফ্রি-কিক নেওয়ার ঠিক আগে আক্রমণকারী দলের কোনো খেলোয়াড় স্পষ্ট ফাউল করলে এবং সেটির সরাসরি প্রভাব গোল, পেনাল্টি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পড়ে, তাহলে ভিএআর সেই ঘটনা পর্যালোচনা করতে পারবে।
এতদিন বল খেলায় আসার আগে ঘটে যাওয়া এমন অনেক ঘটনা ভিএআরের আওতার বাইরে ছিল। তবে নতুন নিয়ম কার্যকর হলে রেফারি ভিডিও রিভিউ দেখে গোল বাতিল করা, কার্ড দেখানো কিংবা কর্নার বা ফ্রি-কিক পুনরায় নেওয়ার নির্দেশ দিতে পারবেন।
ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ারলুইজি কলিনা এই পরিবর্তনের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তিনি চলতি বছরের মার্চে ইংল্যান্ড ও উরুগুয়ের প্রীতি ম্যাচের একটি ঘটনার উদাহরণ দেন। সেই ম্যাচে কর্নারের আগে ইংল্যান্ডের অ্যাডাম হোয়ার্টন উরুগুয়ের হোসে মারিয়া হিমেনেসকে ব্লক করেছিলেন বলে অভিযোগ ওঠে। পরে বেন হোয়াইট গোল করেন। কলিনার মতে, নতুন নিয়ম থাকলে সেই গোলটি বাতিল হতে পারত।
তার ভাষায়, ‘এ ধরনের গোলকে বৈধ বলা যায় না। যদি বল খেলায় আসার ঠিক আগে স্পষ্ট ফাউল হয়, তাহলে সেটি উপেক্ষা করার কোনো কারণ নেই।’
শুধু গোলসংক্রান্ত সিদ্ধান্তই নয়, ভিএআরের দায়িত্ব আরও বাড়ানো হয়েছে। ভুলভাবে দেওয়া দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখানো হলে সেটিও এখন পর্যালোচনার সুযোগ থাকবে। একইভাবে ভুল খেলোয়াড়কে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হলেও সিদ্ধান্ত সংশোধন করা যাবে। এছাড়া কর্নার ও গোল-কিকের কিছু সিদ্ধান্তেও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে।
খেলোয়াড়দের আচরণ নিয়েও কঠোর হচ্ছে ফিফা। ম্যাচ চলাকালে মুখ, হাত, বাহু বা জার্সি দিয়ে আড়াল করে গোপন আলোচনা করার চেষ্টা করলে এবং সেটিকে রেফারি সন্দেহজনক মনে করলে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে।
এদিকে ইনজুরির অজুহাতে খেলা থামিয়ে মাঠে ছোটখাটো টিম মিটিং করার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কলিনা। যদিও এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো শাস্তি নেই, তবে বিশ্বকাপের রেফারিদের বিষয়টি নজরে রাখতে বলা হয়েছে।
বিশ্বকাপের আগে আনা এসব পরিবর্তনের লক্ষ্য ম্যাচ পরিচালনাকে আরও স্বচ্ছ ও ন্যায়সঙ্গত করা। তবে নতুন নিয়মগুলো মাঠে কতটা প্রভাব ফেলে, তা দেখা যাবে বিশ্বকাপেই।