বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতিতে ব্যস্ত ইংল্যান্ড। ২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। উদ্বোধনের ছয়দিন পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ীরা।
তার আগে আগামী ৬ জুন নিউজিল্যান্ড এবং ১০ জুন কোস্টারিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে থমাস টুখেলের দল। মূল আসরে নামার আগে এই দুই ম্যাচকে দল সাজানো ও শেষ মুহূর্তের প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছে ইংল্যান্ড শিবির।
বিশ্বকাপের আগে ফুটবলারদের জার্সি নাম্বারও জানিয়েছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন। দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক হ্যারি কেইন থাকছেন তার চিরচেনা ৯ নম্বর জার্সিতেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও এই নম্বর গায়ে জড়িয়েই মাঠে নামবেন ইংলিশ স্ট্রাইকার।
ইংল্যান্ডের মাঝমাঠের বড় ভরসা জুড বেলিংহ্যামকে দেওয়া হয়েছে ১০ নম্বর জার্সি। অন্যদিকে মরগান রজার্স খেলবেন ১৭ নম্বর জার্সি পরে। বুকায়ো সাকা পেয়েছেন ৭ নম্বর জার্সি, আর অ্যান্থনি গর্ডন মাঠে নামবেন ১১ নম্বর জার্সি গায়ে জড়িয়ে।
রক্ষণভাগেও গুরুত্বপূর্ণ নম্বর পেয়েছেন অভিজ্ঞরা। মার্ক গেহি ও জন স্টোনস পেয়েছেন যথাক্রমে ৬ ও ৫ নম্বর জার্সি। গোলপোস্টের দায়িত্বে থাকা পিকফোর্ড থাকছেন ১ নম্বর জার্সিতে।
এক নজরে কার কত নম্বর জার্সি:
পিকফোর্ড ১, কনসা ২, ও'রেইলি ৩, রাইস ৪, স্টোনস ৫, গিয়েহি ৬, সাকা ৭, অ্যান্ডারসন ৮, কেইন ৯, বেলিংহ্যাম ১০, র্যাশফোর্ড ১১, লিভ্রামেন্তো ১২, হেন্ডারসন ১৩, হেন্ডারসন ১৪, বার্ন ১৫, মাইনু ১৬, রজার্স ১৭, গর্ডন ১৮, ওয়াটকিনস ১৯, মাদুয়েকে ২০, এজে ২১, টনি ২২, ট্র্যাফোর্ড ২৩, জেমস ২৪, স্পেন্স ২৫, কোয়ানসাহ ২৬।
বিশ্বকাপের আগে জার্সি নাম্বার ঘোষণার পর সমর্থকদের আগ্রহ আরও বেড়েছে। এখন মাঠের অপেক্ষা, নতুন কোচ থমাস টুখেলের অধীনে ইংল্যান্ড কতটা প্রস্তুত, সেটির প্রথম বড় পরীক্ষা হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।