বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ঘটেছে বড় দুইটি অঘটন। প্রীতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বড় চমক দেখিয়েছে আইভরি কোস্ট, অন্যদিকে ইরাকের সঙ্গে ড্র করেছে শিরোপা প্রত্যাশী স্পেন।
ঘরের মাঠে ম্যাচের শুরুটা দারুণ করেছিল ফ্রান্স। প্রথমার্ধে আধিপত্য ধরে রেখে ৪৫তম মিনিটে এগিয়ে যায় তারা। বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করে দলকে লিড এনে দেন তরুণ উইঙ্গার রায়ান চেরকি। তবে বিরতির পর ম্যাচের চিত্র পুরো বদলে যায়। ৫৩তম মিনিটে সমতায় ফেরে আইভরি কোস্ট।
এরপর আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে আফ্রিকার দলটি। ম্যাচের ৮৪তম মিনিটে বদলি হিসেবে নামা আমাদ দিয়ালো গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সফরকারীদের। শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে ফ্রান্সের বিপক্ষে ইতিহাসের প্রথম জয় তুলে নেয় আফ্রিকা মহাদেশের দলটি।
অন্যদিকে, স্পেনও প্রত্যাশিত ফল পায়নি। ইস্তাদিও রিয়াসোরে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল স্বাগতিকরা। ১৬তম মিনিটে ফেরান তরেসের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু ২৭তম মিনিটে অসাধারণ এক দূরপাল্লার শটে সমতা ফেরান ইরাকের মের্কাস দস্কি। এরপর পুরো ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকেও আর গোলের দেখা পায়নি স্পেন।
দ্বিতীয়ার্ধে স্পেন কোচ পুরো একাদশ বদলে ফেললেও কাঙ্ক্ষিত ফল আসেনি। ফলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের।