টিভির পর্দায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখা নিয়ে শঙ্কায় ছিল বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত। তবে বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে সব শঙ্কা উড়িয়ে সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশের তিন টেলিভিশন চ্যানেল।
এবার বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি), এ ছাড়া খেলা দেখাবে টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন। এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে।
এর আগে, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক প্রাইভেট লিমিটেড’ ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছিল। স্থানীয়ভাবে তা বিক্রি করতে ব্যর্থ হয়ে চুক্তি থেকে সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। ফলে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কার্যত কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানই ছিল না।
জানা যায়, এবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিভির কোনো আর্থিক খরচ থাকছে না, সম্প্রচারের সম্পূর্ণ ব্যয় স্যাটেলাইট চ্যানেল ও টেলিকম অপারেটররা যৌথভাবে বহন করছে।