২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরুর মাত্র ১০ দিন আগে এ বিষয়ে অনিশ্চয়তার অবসান হয়েছে। খবর জানিয়েছে শাফাক নিউজ।
ভিসা অনুমোদনে বিলম্ব হওয়ায় ইরান তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর তিজুয়ানায় সরিয়ে নেয়। দলটি ৭ জুন সেখানে পৌঁছাবে।
ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে গ্রুপ-জি’র প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর একই শহরে বেলজিয়ামের বিপক্ষে খেলবে। গ্রুপপর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের বিরুদ্ধে মাঠে নামবে তারা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগে জানিয়েছিলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বিশ্বকাপ প্রতিনিধি দলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর এটি প্রথম এমন আসর, যেখানে আয়োজক দেশ ও অংশগ্রহণকারী একটি দেশের মধ্যে সরাসরি রাজনৈতিক ও সামরিক উত্তেজনা রয়েছে।