মিরপুর মানেই ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই ব্যাটসম্যানদের জন্য কঠিন পরীক্ষা; এমন ধারণা দীর্ঘদিনের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে সেই ধারণার সঙ্গে একমত নন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার মতে, মিরপুরেও ভালো মানের উইকেট তৈরি করা সম্ভব, আর সাম্প্রতিক কয়েকটি সিরিজেই সেটির প্রমাণ মিলেছে।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে স্পোর্টিং উইকেটে খেলেছে বাংলাদেশ। উইকেটে সবুজ ঘাসও দেখা গিয়েছিল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে মিরপুরের উইকেটে কিছুটা বাদামি রঙ দেখা গেছে। প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘একটা জিনিস সবার মাইন্ডসেট আপ এরকম ছিল যে মিরপুর মানেই মনে হয় ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই মনে হয় যে আমরা বাজে উইকেটে খেলছি। এরকম না। আর আমার কাছে মনে হয় যে মিরপুরেও আমরা ভালো উইকেট করতে পারি। আমরা লাস্ট দুই-তিনটা সিরিজ আমরা দেখেছি এবং আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো আছে।’
ভালো উইকেটে খেলার গুরুত্বও তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, এমন উইকেটে জিততে পারলে দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। মিরাজ বলেন, ‘আমরা চেষ্টা করবো ভালো উইকেটে খেলার জন্য। কারণ ভালো উইকেটে যদি আমরা ম্যাচ জিততে পারি, বোলাররা ভালো বোলিং করে, ব্যাটসম্যানরা রান করতে পারে, দিন শেষে আমাদের কনফিডেন্সটা খুবই ইম্পোর্ট্যান্ট।’
সামনে বিশ্বকাপ থাকায় অস্ট্রেলিয়া সিরিজকে বড় প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখছেন মিরাজ। তিনি বলেন, ‘যেহেতু আমাদের সামনে বিশ্বকাপ আছে, সেই টুর্নামেন্টের আগে যদি আমরা ভালো উইকেটে খেলে কনফিডেন্স গেইন করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হবে।’
নিজেদের কন্ডিশন, বোলারদের সাম্প্রতিক ছন্দ এবং ব্যাটসম্যানদের রান—সব মিলিয়ে ভালো ফলের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। মিরাজ বলেন, ‘আমরা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত এবং আমরা জানি উইকেটটা সম্পর্কে। বোলাররা লাস্ট দুই-তিনটা সিরিজে ভালো করছে, ব্যাটসম্যানরাও রান করছে। দুইটার কম্বিনেশন যদি ভালো থাকে, অবশ্যই আমরা রেজাল্ট আনতে পারব।’
সবমিলিয়ে অস্ট্রেলিয়া সিরিজের আগে মিরপুরের উইকেট নিয়ে পুরোনো ধারণা বদলাতে চাইছে বাংলাদেশ। স্পিনের ফাঁদ নয়, ভালো ক্রিকেট খেলার মতো উইকেটেই আত্মবিশ্বাস খুঁজছে মিরাজের দল।