অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল ৮৪ রানের জয় পেয়েছে। তবে ম্যাচে সবচেয়ে চোখে পড়ার পারফরম্যান্স ছিল টাইগার পেসার নাহিদ রানার। ৪ উইকেট শিকার করে তিনি বল হাতে আগুন ঝরিয়েছেন। এই অসাধারণ বোলিং তার জন্য বিগ ব্যাশে খেলার দুয়ারও খুলতে যাচ্ছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদের প্রশংসা করেন অজি ক্রিকেটার অ্যালেক্স ক্যারি। তিনি বলেন, ‘আমার মনে হয় ওর গতি আছে এবং স্পষ্টভাবেই বাউন্স রয়েছে। অস্ট্রেলিয়ার উইকেটগুলোতেও বেশ বাউন্স থাকে। ওর মাঝে পছন্দ করার মতো অনেক প্রতিভা রয়েছে, নিশ্চিতভাবেই। ও চাইলে অ্যাডিলেড স্ট্রাইকার্সে (বিগ ব্যাশের দল) আসতেই পারে।’
সিরিজের বাকি দুই ম্যাচে নাহিদকে কীভাবে আটকে রাখা যায় তারই ছক কষছে অস্ট্রেলিয়া। ক্যারি বলেন, ‘ও দারুণ বোলিং করেছে। আমরা সবাই ওর গতি সম্পর্কে জানতাম, তবে মুখোমুখি না হওয়া পর্যন্ত পুরোপুরি বোঝা যায় না। ও বেশ দীর্ঘদেহী একজন অ্যাথলেট এবং উইকেট থেকে কিছুটা বাউন্সও পাচ্ছিল। তাই আমি বলব, ও সত্যিই খুব ভালো বোলিং করেছে। আগামী বৃহস্পতিবার এবং রবিবার পরের দুটি ওয়ানডেতে আমাদের ওর বিরুদ্ধে খেলার সুযোগ রয়েছে এবং আশা করি এখন থেকে আমরা ওকে সিরিজের বাকি ম্যাচগুলোতে আটকে রাখতে পারব।’
ক্যারি আরও যোগ করেন, ‘আমরা ওর হাইলাইটস এবং বোলিংয়ের ভিডিও দেখেছি। ও যখন দ্বিতীয় স্পেলে ফিরে এসেছিল, আমরা জানতাম কী হতে যাচ্ছে। আমরা কেবল ওকে ম্যাচের ওপর প্রভাব বিস্তার করা থেকে আটকাতে পারিনি। তবে একজন ফাস্ট বোলারের কাছ থেকে এমন আগ্রাসী মনোভাব আপনি প্রত্যাশা করতেই পারেন। আশা করি আমরা সামনে এটি পরিবর্তন করতে পারব এবং আগামী ম্যাচগুলোতে ওর এই ধারা বজায় রাখা রুখে দিতে পারব।’
নাহিদ রানার এই পারফরম্যান্স দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস সঞ্চার করেছে এবং বিশ্ব ক্রিকেটের মঞ্চে তার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে।