ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, এটা তো বিশ্ব ফ্যাশনেরও সবচেয়ে বড় মঞ্চ! ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দলের হোম এবং অ্যাওয়ে জার্সির মেলবন্ধনে এবার চোখ ধাঁধিয়ে গেছে পুরো ফুটবল বিশ্বের। কিন্তু কোন দেশের জার্সি এবার সবচেয়ে সেরা? বিখ্যাত মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট তাদের সাম্প্রতিক র্যাঙ্কিংয়ে বেছে নিয়েছে এবারের বিশ্বকাপের শীর্ষ ১০ জার্সি। চলুন দেখে নেওয়া যাক ফ্যাশন আর সংস্কৃতির লড়াইয়ে কারা টেক্কা দিল সবাইকে!
১০. মরক্কো
মরক্কোর অ্যাটলাস লায়ন্সরা এবারও মাঠে নামছে তাদের চেনা লাল-সবুজের ঐতিহ্যবাহী হোম জার্সি পরে। তবে তাদের আসল চমক অ্যাওয়ে কিটে, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে মরক্কোর ঐতিহাসিক কারুশিল্প ও জ্যামিতিক প্যাটার্ন।
৯. স্পেন

স্পেন তাদের ক্লাসিক লাল রঙের হোম জার্সিতে এবার যোগ করেছে নেভি ব্লু একসেন্ট আর চমৎকার টেক্সচার। তবে তাদের অ্যাওয়ে জার্সিটি একদম রাজকীয়; ক্রিম রঙের ওপর মরুন ও গোল্ডেন স্ট্রাইপের ছোঁয়া একে অনন্য করে তুলেছে।
৮. দক্ষিণ কোরিয়া
হোম জার্সি হিসেবে কোরিয়া তাদের স্ট্যান্ডার্ড নীল রঙ ধরে রাখলেও, বাজিমাত করেছে অ্যাওয়ে কিট দিয়ে। পার্পল কালার ও ফ্লোরাল ডিজাইনের এই জার্সিটি রাতের আলোয় জ্বলজ্বল করবে (Glow-in-the-dark নকশা), যা এবারের আসরের অন্যতম ইনোভেটিভ আইডিয়া।
৭. জাপান
ব্লু সামুরাইদের হোম জার্সিতে আছে সমুদ্র আর আকাশের মেলবন্ধনের এক সূক্ষ্ম ভিজ্যুয়াল টেক্সচার। আর তাদের অ্যাওয়ে জার্সিটি অনুপ্রাণিত হয়েছে ক্লাসিক বেসবল ইউনিফর্ম থেকে, অফ-হোয়াইট বেসের ওপর রঙিন স্ট্রাইপ সত্যিই দারুণ মনোরম।
৬. মেক্সিকো
আয়োজক মেক্সিকো এবার তিনটি কিট এনেছে। তাদের হোম জার্সিতে মেক্সিকান ঐতিহ্য ও উপজাতীয় সংস্কৃতির দারুণ প্রভাব রয়েছে। তবে তাদের কালো রঙের থার্ড কিটটি ফুটবলপ্রেমীদের মন কেড়ে নিয়েছে।
৫. ব্রাজিল
সেলেসাওদের ক্যানারি হলুদ হোম জার্সিটি ফুটবলের রাজকীয় প্রতীক, যার ভেতর লুকিয়ে আছে দেশটির জ্যামিতিক নকশার ইতিহাস। তবে তাদের অ্যাওয়ে জার্সিটি আরও আকর্ষণীয়; যা সরাসরি অ্যামাজন রেইনফরেস্টের রঙিন জীবজগত থেকে অনুপ্রাণিত!
৪. যুক্তরাষ্ট্র
আরেক আয়োজক আমেরিকা ফিরিয়ে এনেছে তাদের ১৯৯৪ সালের বিশ্বকাপের সেই আইকনিক জাতীয়তাবাদী ভাইব। আর তাদের অ্যাওয়ে কিটে স্টারস ও স্ট্রাইপসের সাদামাটা কিন্তু দারুণ কার্যকর একটা রূপ দেওয়া হয়েছে।
৩. আর্জেন্টিনা
চ্যাম্পিয়নদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা হোম জার্সি অপরিবর্তিতই আছে। তবে আলবিসেলেস্তেদের অ্যাওয়ে কিটে এবার দেখা গেছে বুয়েনোস আয়ারেসের স্থানীয় শিল্পীদের ছোঁয়া। সাহসী ও দারুণ দর্শনীয় এই কিটটি তরুণদের মাঝে ব্যাপক হিট।
২. উরুগুয়ে
উরুগুয়ের হোম জার্সিটি শান্ত স্কাই-ব্লু রঙের, সাথে আছে একটি চমৎকার ভিন্টেজ কলার। ইতিহাস আর আধুনিকতার মিশ্রণে তৈরি তাদের অ্যাওয়ে কিটটিও এবার ফুটবল ফ্যাশন বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে।
১. ফ্রান্স - দ্য আলটিমেট চ্যাম্পিয়ন
নিউইয়র্ক পোস্টের মতে, ২০২৬ বিশ্বকাপের সেরা জার্সির মুকুটটি যাচ্ছে ফ্রান্সের মাথায়! ফরাসিদের হোম জার্সিতে ব্লু কালারের বিভিন্ন শেড, সূক্ষ্ম টেক্সচার এবং হালকা হোয়াইট কলারের কম্বিনেশন একে করেছে মাস্টারপিস। তাদের অ্যাওয়ে কিটটিও সমান শক্তিশালী। ফ্যাশনের দেশ ফ্রান্স প্রমাণ করেছে, ফুটবলের জার্সিতেও তারাই সেরা!
অনুবাদক - নবী নেওয়াজ