ফুটবল বিশ্বকাপের উত্তেজনা ক্রমশ বাড়ছে, আর মাত্র এক দিন বাকি। কিন্তু এই মুহূর্তে ইরানের ফুটবল সমর্থকদের জন্য এলো এক দুঃসংবাদ।
বিশ্বকাপ শুরুর ঠিক আগে, বিতর্কিত ও আকস্মিকভাবে ফিফা ইরান দলের সমর্থকদের জন্য বরাদ্দকৃত সমস্ত টিকিট বাতিল করেছে। ফলে, ভিসার ঝামেলা এবং সফরের সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে না হাজার হাজার ইরানি সমর্থক।
গতকাল মঙ্গলবার, ইরানি ফুটবল ফেডারেশন এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ‘বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে এমন সিদ্ধান্তকে ফুটবলের চেতনা পরিপন্থী এবং নোংরা রাজনৈতিক হস্তক্ষেপ’ হিসেবে দেখা উচিত।
ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশের জন্য তাদের ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ অফিশিয়াল কোটা হিসেবে বরাদ্দ থাকে, যা দেশের সমর্থকদের মাঝে বণ্টন করা হয়। ইরান ফেডারেশন ইতোমধ্যেই সেই টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল।
এক বিবৃতিতে এফএফআইআরআই আরও জানায়, ‘অফিশিয়াল প্রক্রিয়া অনুসরণ করে অসংখ্য ইরানি সমর্থক ম্যাচ দেখার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার পরও তাদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। ইরানি সমর্থকদের তাদের আইনসম্মত ও অফিশিয়াল টিকিটের অধিকার থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক প্রতিযোগিতার চেতনা এবং সমতার নীতির সম্পূর্ণ পরিপন্থী।’
বিবৃতিতে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও ফেডারেশন ইঙ্গিত দিয়েছে যে, ‘এর পেছনে খেলাধুলার বাইরের রাজনৈতিক কারণ জড়িত’ । চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে, যা বিশ্বকাপেও প্রভাব ফেলেছে।
নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইরান দল তাদের বেস ক্যাম্প আমেরিকার অ্যারিজোনা থেকে মেক্সিকোর টিজুয়ানাতে স্থানান্তর করতে বাধ্য হয়। গত ৭ জুন দল মেক্সিকোতে পৌঁছায়। যদিও গত সপ্তাহে আমেরিকা সমস্ত ফুটবলারকে ভিসা দিয়েছে, দলের কিছু গুরুত্বপূর্ণ স্টাফ এখনও ভিসা পাননি।
আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইরান খেলছে গ্রুপ ‘জি’-তে। তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে দলটি।