২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের দল। তবে দ্বিতীয় ওয়ানডের শুরুতেই টস ভাগ্য আবারও বাংলাদেশের পক্ষে আসেনি। যথারীতি টস হেরেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিপরীতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় শুধু একটি ম্যাচ জেতার গল্প ছিল না, সেটি ছিল দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ভাঙার মুহূর্ত। এবার সেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে।
অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ খুব সহজে আসে না। তাই দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা যেমনই হোক, বল হাতে দ্রুত চাপ তৈরি করাই হবে বাংলাদেশের প্রধান লক্ষ্য। প্রথম ম্যাচের আত্মবিশ্বাস আর ঘরের মাঠের লড়াকু মানসিকতা নিয়ে মিরাজদের সামনে এখন বড় পরীক্ষা; ইতিহাসের পর এবার সিরিজ জয়।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিশ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, রিলে মেরেডিথ, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।