আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। বাংলাদেশ না থাকলেও বিশ্বকাপ ঘিরে দেশের ভক্তদের উন্মাদনার কমতি নেই। রাত জেগে খেলা দেখার প্রস্তুতির মাঝেই মিরপুরে অন্য এক চমক দেখালেন বাংলাদেশের ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে আগেই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক জস ইংলিশ। কিন্তু সেই সিদ্ধান্তই যেন অস্ট্রেলিয়ার জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়।
স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই ৩ উইকেট হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ওভারে তাসকিন আহমেদের আঘাতে ফিরেন ম্যাথু শর্ট। আগের ম্যাচেও তাসকিনের বলেই ইনিংসের প্রথম বলে বোল্ড হয়েছিলেন শর্ট। এবারও একই বোলার, একই ব্যাটার, আউটের ধরনও একই।
এরপর দ্বিতীয় ওভারে মোস্তাফিজুর রহমানের জোড়া আঘাতে আরও বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম বলেই আউট হন কনোলি। পরে ম্যাট রেনশ উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েন। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ।
ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া মাত্র চতুর্থ দল হিসেবে ইনিংসের প্রথম ৩ উইকেট হারাল কোনো রান যোগ হওয়ার আগেই। এর আগে এমন ঘটনা ঘটেছিল মাত্র তিনবার। সর্বশেষ ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই সাজঘরে ফিরেছিলেন হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুল ও এহসানুল হক। সেই ম্যাচে প্রথম তিন বলেই হ্যাটট্রিক করেছিলেন চামিন্দা ভাস।
দুই দশকের বেশি সময় পর এবার সেই বিব্রতকর তালিকায় যুক্ত হলো অস্ট্রেলিয়ার নাম। তবে বাংলাদেশের জন্য এটি ছিল গর্বের এক শুরু। ফুটবল বিশ্বকাপের মহোৎসবের আগে মিরপুরে ক্রিকেটের মাঠে বড় দলকে কাঁপিয়ে দিল বাংলাদেশ।