দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মেক্সিকো সিটি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে বিশ্বকাপের প্রথম লড়াই।
কাগজে-কলমে শক্তির বিচারে ম্যাচটি খুব একটা হাড্ডাহাড্ডি হওয়ার কথা নয়। র্যাংকিং, সামর্থ্য ও সাম্প্রতিক অবস্থান; সবদিক থেকেই দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে মেক্সিকো। সবশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে মেক্সিকোর অবস্থান ১৫ নম্বরে, আর দক্ষিণ আফ্রিকা রয়েছে ৬০তম স্থানে।
শুধু র্যাংকিং নয়, মুখোমুখি পরিসংখ্যানও স্বস্তি দিচ্ছে মেক্সিকানদের। দুই দল এখন পর্যন্ত চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এর মধ্যে দুইবার জয় পেয়েছে মেক্সিকো, একবার জিতেছে দক্ষিণ আফ্রিকা এবং একটি ম্যাচ ড্র হয়েছে।
তবে উদ্বোধনী ম্যাচের মঞ্চে নামার আগে মেক্সিকোর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে অতীত। কারণ বিশ্বকাপের প্রথম ম্যাচে তাদের ইতিহাস মোটেও সুখকর নয়।
বিশ্বকাপের ২২ আসরের ইতিহাসে তিনবার উদ্বোধনী ম্যাচ খেলার সুযোগ পেয়েছে মেক্সিকো। কিন্তু সেই তিন ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখা হয়নি তাদের। দুইবার হার এবং একবার ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দলটিকে।
১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল মেক্সিকো। দুই ম্যাচেই চারটি করে গোল হজম করেছিল তারা। বিপরীতে ব্রাজিলের জালে পাঠাতে পেরেছিল মাত্র একটি গোল।
এরপর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবারও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলেছিল মেক্সিকো। সেই ম্যাচে ৫৫তম মিনিটে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে তারা।
তাই এবারের উদ্বোধনী ম্যাচে ফেভারিটের তকমা গায়ে নিয়েই মাঠে নামছে মেক্সিকো, কিন্তু ইতিহাস বলছে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাদের পথ কখনোই খুব মসৃণ ছিল না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের লড়াইয়ে সেই অস্বস্তিকর রেকর্ড ভাঙার চ্যালেঞ্জও থাকবে স্বাগতিকদের সামনে।