ইংল্যান্ডের ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরুর আগেই যেন তৈরি হলো অস্বস্তির ছায়া। কিছুটা দেরিতে শুরু হওয়া এই মিশনে ১৭ জুন দিবাগত রাতে প্রথম ম্যাচ খেলবে হ্যারি কেইনের দল। অন্যান্য দলের তুলনায় বিলম্বে বেস ক্যাম্পে পৌঁছালেও কানসাস সিটিতে পা রাখার আগেই বড় ধরনের বিপত্তির মুখে পড়ে তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, শনিবার কানসাস সিটিতে পৌঁছানোর আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরির ঘটনা ঘটে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এখনো নিশ্চিতভাবে জানাতে পারেনি ঠিক কী কী জিনিস খোয়া গেছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, চুরি হওয়া জিনিসের মধ্যে রয়েছে ফুটবল, খেলোয়াড়দের বুট এবং অনুশীলনের বিভিন্ন সরঞ্জাম।
‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, চুরি হওয়া জিনিসের মধ্যে একজন তারকা খেলোয়াড়ের বুটও থাকতে পারে। পাশাপাশি অফিসিয়াল টুর্নামেন্ট বল ও আরও কিছু ট্রেনিং ইকুইপমেন্টও হারিয়েছে দলটি। থমাস টুখেলের অধীনে থাকা ইংল্যান্ড দল শনিবার বিকেলে প্রথমবার বেস ক্যাম্পে অনুশীলন শুরু করার কথা ছিল।
এফএ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বিষয়টি ইতোমধ্যেই স্থানীয় পুলিশের কাছে জানানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং তদন্ত শুরু হয়েছে।
সব বাধা পেরিয়ে আগামী বুধবার দিবাগত রাত ২টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। ‘এল’ গ্রুপে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ক্রোয়েশিয়া। গ্রুপে অন্য দুই দল ঘানা ও পানামা। ১৯৬৬ সালে একমাত্র বিশ্বকাপ জয়ের পর এবার থমাস টুখেলের নেতৃত্বে আবারও বড় স্বপ্ন নিয়ে মাঠে নামছে ইংলিশরা।