২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার (১৪ জুন) ভোর চারটায় গ্রুপ ‘সি’র ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে দলটি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশে দেখা যাবে টি স্পোর্টস ও বিটিভিতে।
মরক্কো ২০২২ সালে পর্তুগাল ও স্পেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। এবারও তারা ভালো কিছু করতে চায়। এরপরও অবশ্য এই ম্যাচে ব্রাজিলই এগিয়ে। যদিও এই ম্যাচে নেইমারকে পাচ্ছে না সেলেসাওরা। তাকে বাদ দিয়েও বেশ শক্তিশালী এক দল নিয়েই মাঠে নামতে চলেছে ব্রাজিল।
নেইমারের বদলে এই একাদশে আসতে পারেন মাতেউস কুনিয়া। তার পেছনে ডান পাশে থাকবেন রাফিনিয়া, বামে ভিনিসিয়ুস জুনিয়র। ফাইনাল প্লেমেকার হিসেবে খেলবেন লুকাস পাকেতা।
ডিফেন্সিভ মিডফিল্ডে কাসেমিরোর সঙ্গে জুটি বাধবেন ব্রুনো গিমারেশ। রক্ষণে থাকবেন মারকিনিয়োস, গাব্রিয়েল মাগালায়েস, দানিলো ও ডগলাস। গোলকিপার হিসেবে থাকবেন আলিসন বেকার।
জানা গেছে, বিশ্বকাপে ওঠার পথটা মসৃণ ছিল না ব্রাজিলের জন্য। তিনটি ভিন্ন কোচের অধীনে সমস্যায় জর্জর ছিল দেশটির ফুটবল। কার্লো আনচেলত্তির আগমনে পরিস্থিতি পাল্টে গেছে। তবে শীর্ষ ফেভারিটদের তালিকায় নেই সেলেসাওরা। তাতে ষষ্ঠ তারকা অর্জনের দৌড়ে চাপ কিছুটা কম। গত দুটি বিশ্বকাপে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া দলটি ২৪ বছর পর ফাইনালে পৌঁছানোর মিশনে।
বিশ্বকাপের প্রস্তুতি মিশনে তারা পানামা ও মিসরকে হারিয়েছে। এই দুটি ম্যাচে বিশ্বকাপের জন্য আদর্শ ফরমেশন খুঁজে পেতে চেষ্টা করেছেন কোচিং স্টাফরা। তবে মূল একাদশ নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে।