টিটন হত্যার পর ‘কাইল্যা পলাশ’কে গুলি!
অপরাধ ঘটছে, লাশ পড়ছে। কিন্তু বিচারের দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়েই অপরাধীরা কি আরও বেপরোয়া হয়ে উঠছে? পুরান ঢাকায় মামুন আর নিউমার্কেটে টিটন হত্যার রেশ কাটতে না কাটতেই, এবার খোদ রাজধানীর বুকে জুমার নামাজ শেষে গুলি করা হলো শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশকে!
শুক্রবার (১২ জুন) দুপুর দুইটা। রামপুরার বিটিভি সেন্টার এলাকায় জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন হাতিরঝিল-রামপুরা এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশ’। ঠিক তখনই মোটরসাইকেলে ধেয়ে আসে অজ্ঞাত দুই দুর্বৃত্ত। কিছু বুঝে ওঠার আগেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পলাশের মাথা লক্ষ্য করে ছোঁড়া হয় পরপর দুটি গুলি। রক্তাক্ত অবস্থায় সে লুটিয়ে পড়লে শুটাররা চোখের পলকে হাতিরঝিলের দিকে পালিয়ে যায়।
৫০ বছর বয়সী এই ইয়াসিন খান পলাশ হাতিরঝিল-রামপুরা এলাকার আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র ডন হিসেবে পরিচিত। যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যাসহ তার বিরুদ্ধে রয়েছে অন্তত ১০টি মামলা। দীর্ঘ প্রায় ২০ বছর কারাগারে কাটানোর পর, মাত্র এক মাস আগেই জামিনে মুক্তি পেয়েছিল এই শীর্ষ সন্ত্রাসী।
কিন্তু দীর্ঘ দুই দশক পর পলাশ এলাকায় ফিরতেই ওলটপালট হয়ে যায় আন্ডারওয়ার্ল্ডের চেনা সমীকরণ। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, এলাকায় ফিরে আবারও পুরোনো অপরাধ সাম্রাজ্য, ডিস ব্যবসা আর ফুটপাতের চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন পলাশ। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে মাঠে থাকা শক্তিশালী অপরাধী চক্র। একক আধিপত্যের এই পূর্ববিরোধের জেরেই তাকে সরিয়ে দেওয়ার নিখুঁত ছক কষা হয়।
অপরাধবিজ্ঞানীরা বলছেন, নিউমার্কেট এলাকায় টিটন হত্যার পর অনেক দিন কেটে গেলেও প্রধান কোনো আসামি গ্রেপ্তার হয়নি। পুলিশ যখন চটকদার আশ্বাস দিতে ব্যস্ত, খুনিরা তখন ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। এই সুযোগেই জনাকীর্ণ এলাকায় এমন দুঃসাহসিক কিলিং মিশন চালানোর সাহস পাচ্ছে শুটাররা। পুলিশ হাতিরঝিলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্তের দাবি করলেও, সাধারণ মানুষের এখন একটাই কথা— আশ্বাস নয়, দৃশ্যমান অ্যাকশন চান তারা।
মামুন ও টিটন হত্যা কিংবা পলাশকে গুলি— ঘটনা ভিন্ন হলেও নেপথ্যের কারণ এক-অভিন্ন; ‘বিচারের ধীরগতি’। অপরাধ করে পার পেয়ে যাওয়ার এই অপসংস্কৃতি যদি এখনই কঠোর হস্তে দমন করা না হয়, তবে ঢাকার রাজপথ আরও বেশি রক্তাক্ত হয়ে উঠবে। এছাড়া রাজধানীর বুকে এই অস্ত্রের ঝনঝনানি থামানোর দায়িত্ব কার? প্রশ্ন দেখা দিয়েছে।