বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন। ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন এই দুই তারকা।
এর আগে ম্যাচে মাঠে নামার মধ্য দিয়েই আরেকটি অনন্য কীর্তি গড়েন মেসি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ আসরে অংশ নেওয়ার রেকর্ড নিজের করে নেন তিনি।
আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। হ্যাটট্রিকের সুযোগ আরও আগে এলেও প্রতিপক্ষ গোলরক্ষক লুকা জিদানের অসাধারণ সেভে বঞ্চিত হন তিনি। তবে শেষ পর্যন্ত মেসিকে থামিয়ে রাখা যায়নি। ম্যাচের ৭৬তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী নিচু শট জালে জড়িয়ে গেলে পূর্ণ হয় হ্যাটট্রিক। বিশ্বকাপে নিজের ২৭তম ম্যাচে এটি ছিল মেসির প্রথম হ্যাটট্রিক, যা তাকে পৌঁছে দিয়েছে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের কাতারে।