দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অর্জন যোগ হয়েছে লিওনেল মেসির নামের পাশে। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে হ্যাটট্রিকও করেছেন বহুবার। তবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপে কখনও তিন গোলের কীর্তি গড়া হয়নি তার। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।
আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক পারফরম্যান্সে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন মেসি। এটি তার ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক হলেও বিশ্বকাপে প্রথম। ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ খেলতে এসে বহুদিনের অপূর্ণতা পূরণ করলেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের শুরু থেকেই ছিল নাটকীয়তা। প্রথম দশ মিনিটের মধ্যেই দুই দলই জালে বল পাঠালেও অফসাইডের কারণে কোনো গোলই গণ্য হয়নি। ষষ্ঠ মিনিটে মেসি এবং অষ্টম মিনিটে আলজেরিয়ার ফরোয়ার্ড ফারেস চাইবির গোল বাতিল হয়।
এরপর ১৭ মিনিটে জাদু দেখান মেসি। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের নাগালের বাইরে চলে যায়। সেই গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা।
প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আলজেরিয়া। তবে এমিলিয়ানো মার্তিনেজের দৃঢ়তায় গোলের দেখা পায়নি আফ্রিকান দলটি। ১-০ ব্যবধানে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট গোলরক্ষক সামাল দিতে ব্যর্থ হলে ফিরতি বলে সহজেই জালে পাঠান তিনি।
হ্যাটট্রিকের সুযোগ এরপরও তৈরি হয়েছিল। ৬৬ মিনিটে মেসির আরেকটি প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন লুকা জিদান। কিন্তু ৭৬ মিনিটে আর তাকে থামানো সম্ভব হয়নি। ডি-বক্সের কাছাকাছি জায়গা থেকে নেওয়া নিখুঁত শটে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা।
এই তিন গোলের সুবাদে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও নতুন উচ্চতায় পৌঁছেছেন মেসি। তার গোলসংখ্যা এখন ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান।
ম্যাচটি শুরু হওয়ার আগেই আরেকটি মাইলফলক স্পর্শ করেছিলেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন তিনি। এর আগে এই তালিকায় ছিলেন শুধু ক্রিস্টিয়ানো রোনালদো এবং বাদের আল-মুতাওয়া। পাশাপাশি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার রেকর্ডও গড়েন তিনি।
রেকর্ড, হ্যাটট্রিক এবং দাপুটে জয়—সব মিলিয়ে কানসাস সিটির রাতটি হয়ে থাকল মেসির ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় অধ্যায়। আর্জেন্টিনাও শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল দুর্দান্ত এক জয়ে।