ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে শুধু ইংল্যান্ডকে জয়ই উপহার দেননি, বিশ্বকাপ ইতিহাসেও নিজের নাম আরও উজ্জ্বল করেছেন বাভারিয়ান তারকা হ্যারি কেইন। ‘এল’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে বুধবার রাতে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। আর সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন নম্বর নাইন খ্যাত দলের অধিনায়ক।
ম্যাচের ১২ মিনিটে বিতর্কিত ঘটনাবহুল এক পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে লিড উপহার দেন কেইন। প্রথম শটটি ক্রোয়েশিয়ার গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ভিএআরের সাহায্যে পুনরায় পেনাল্টি নেওয়ার নির্দেশ দেন রেফারি। কারণ শট নেওয়ার আগেই নাকি গোলরক্ষক লাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি ইংল্যান্ডের এই স্ট্রাইকার।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে পেনাল্টি থেকে নিজের পঞ্চম গোল করেন কেইন। টাইব্রেকার বাদ দিলে বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন তার দখলে। এর আগে এই রেকর্ডে যৌথভাবে ছিলেন লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রব রেনসেনব্রিঙ্ক, যাদের প্রত্যেকের ছিল চারটি করে গোল।
এরপর ম্যাচের ৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন। আর তাতেই স্পর্শ করেন ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের অন্যতম একটি রেকর্ড। বিশ্বকাপে এটি ছিল কেইনের দশম গোল। ফলে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় গ্যারি লিনেকারের পাশে নাম লিখিয়েছেন তিনি। লিনেকারও বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে ১০টি গোল করেছিলেন।
বিশ্বকাপের মঞ্চে ধারাবাহিকভাবে গোল করে চলা কেইনের সামনে এখন নতুন ইতিহাস গড়ার সুযোগ। আর মাত্র একটি গোল করলেই তিনি এককভাবে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা হয়ে যাবেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলের রাতটি তাই শুধু একটি জয়ের গল্প নয়, বরং ইংলিশ ফুটবলের ইতিহাসে কেইনের আরেকটি স্মরণীয় অধ্যায়।