ব্রাজিল দলে নেইমারকে রাখার সিদ্ধান্ত ঘিরে শুরু থেকেই প্রশ্নের মুখে পড়েন কার্লো আনচেলত্তি। দীর্ঘদিনের অধারাবাহিকতা ও ইনজুরি সমস্যার কারণে প্রায় সবাই মনে করেছিলেন, ব্রাজিলের স্কোয়াডে তার জায়গা পাওয়াটা ছিল বাড়তি ঝুঁকি। তবে হাইতির বিপক্ষে জয়ের পর সেই বিতর্কের মাঝেই নেইমারের প্রত্যাবর্তন নিয়ে আশার খবর জানিয়েছেন ব্রাজিল কোচ।
বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচের একটিতেও মাঠে নামা হয়নি ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডের। কাফ ইনজুরির কারণে তাকে পুরোপুরি বিশ্রামে রাখা হয়েছিল। তবে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর আনচেলত্তি জানিয়েছেন, গ্রুপ পর্বের শেষ ম্যাচেই দেখা যেতে পারে ব্রাজিলের অন্যতম সেরা তারকাকে।
আগামী ২৪ জুন ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইউরোপিয়ান জায়ান্ট স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচকে সামনে রেখে নেইমারের শারীরিক অবস্থার ইতিবাচক আপডেট দিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘নেইমার আগামীকাল আলাদাভাবে অনুশীলন করবে এবং সোমবার দলের বাকি সদস্যদের সাথে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে ফিট থাকবে।’
নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, মাতিয়াস কুনিয়া, ক্যাসেমিরোরা। এখন পর্যন্ত তাদের পারফরম্যান্সও স্বস্তি দিচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে গোল করেছিলেন ভিনিসিয়ুস, যদিও সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। হাইতির বিপক্ষে আবারও উজ্জ্বল ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। অন্যদিকে জোড়া গোল করেঞ মাতিয়াস কুনিয়া।
দুই ম্যাচ শেষে ভিনিসিয়ুস ও কুয়নিয়াই এখন চলতি বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। তবে স্কটল্যান্ড ম্যাচে নেইমার ফিরলে ব্রাজিলের আক্রমণভাগ আরও ভয়ংকর হয়ে উঠতে পারে বলেই মনে করছেন সমর্থকরা।