বিশ্বকাপ মানেই ব্রাজিলের অসংখ্য রেকর্ড আর গৌরবগাথা ইতিহাস। তবে এবারের আসরে সেই পরিচিত চিত্রে নিয়মিত পরিবর্তন দেখা যাচ্ছে। একের পর এক রেকর্ড হাতছাড়া হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো এমন একটি অর্জন, যা টিকে ছিল প্রায় সাত দশক।
সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস। এই জয়ের ফলে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়ল ডাচরা, যা চলতি টুর্নামেন্টের নতুন মানদণ্ড।
নেদারল্যান্ডসের এই দুর্দান্ত যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালের ফাইনালের পর। সেবার স্পেনের বিপক্ষে হারার পর বিশ্বকাপে আর কোনো ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি দলটি। হিসাব অনুযায়ী টাইব্রেকারে হারা ম্যাচগুলো ড্র হিসেবে গণনা করা হয়।
এর আগে রেকর্ডটি ছিল ব্রাজিলের দখলে। ১৯৫৮ থেকে ১৯৬৬ সালের মধ্যে টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল সেলেসাওরা। দীর্ঘ ৬৮ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ডে প্রথম ধাক্কা আসে গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের পর। আর এবার সুইডেনের বিপক্ষে ৫-১ ব্যাবধানের বড় জয় তুলে নিয়ে রেকর্ডের একক মালিক বনে যায় ডাচরা।
শুধু রেকর্ডই নয়, এই জয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষেও উঠে এসেছে নেদারল্যান্ডস। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ চার পয়েন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে ওরেঞ্জ আর্মিরা।
যে রেকর্ড একসময় ব্রাজিলের বিশ্বকাপ আধিপত্যের প্রতীক ছিল, সেটিই এখন নেদারল্যান্ডসের দখলে। আর তাতেই বিশ্বকাপের ইতিহাসে যোগ হলো নতুন এক অধ্যায়।