ফুটবলপ্রেমীরা তাদের প্রিয় তারকাদের জন্য কত কিছুই না করেন; কেউ শরীরে ট্যাটু আঁকেন, কেউ সন্তানের নাম রাখেন প্রিয় খেলোয়াড়ের নামে, আবার কেউ শুধু একটি ম্যাচ দেখার জন্য হাজার হাজার কিলোমিটার পাড়ি দেন। ফুটবল দুনিয়ায় এসব নতুন কিছু নয়। তবে লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে আর্জেন্টিনার সমর্থকেরা যা করতে যাচ্ছেন, সেটি সত্যিই ব্যতিক্রমী এক আয়োজন।
আজ ২৪ জুন, ৩৯ বছরে পা দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী এই মহাতারকার জন্মদিন ঘিরে উৎসবে মেতে উঠেছে পুরো আর্জেন্টিনা। পরিকল্পনা অনুযায়ী, দিনের একটি নির্দিষ্ট সময়ে দেশজুড়ে মানুষকে কিছুক্ষণের জন্য থেমে যেতে বলা হয়েছে। অফিস, স্কুল, ক্যাফে কিংবা ঘর; যেখানেই থাকুন না কেন, সবাই এক মুহূর্তের জন্য কাজ থামিয়ে একসঙ্গে গেয়ে উঠবেন ‘হ্যাপি বার্থডে’।
শুনতে বিষয়টি অনেকের কাছেই অবাক করার মতো। একজন ফুটবলারের জন্মদিনে পুরো দেশের মানুষ একসঙ্গে গান গাইবে! এটা সহজেই বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু আর্জেন্টিনার মানুষের কাছে তো মেসি কেবল একজন খেলোয়াড় নন।
বহু বছর ধরে তিনি একটি জাতির স্বপ্ন, আশা আর হতাশার ভার নিজের কাঁধে বহন করেছেন। ম্যারাডোনার সঙ্গে তুলনা, জাতীয় দলের হয়ে শিরোপা না জেতার সমালোচনা, একের পর এক ফাইনালে হার; সবকিছুই সহ্য করতে হয়েছে তাকে। তবুও থেমে যাননি। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান তিনি। এরপর ২০২২ সালে বিশ্বকাপ জিতে পূরণ করেন আর্জেন্টিনার সবচেয়ে বড় স্বপ্ন। সেই অর্জনই মেসিকে আর্জেন্টিনার সংস্কৃতির অংশ করে তুলেছে। তাই তার জন্মদিন এখন কেবল ব্যক্তিগত উদযাপন নয়, বরং কোটি মানুষের কাছে কৃতজ্ঞতা জানানোর এক বিশেষ মুহূর্ত।
আরও একটি কারণে এবারের জন্মদিন আলাদা গুরুত্ব পাচ্ছে। ৩৯ বছর বয়সেও মেসি এখনো আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা। ২০২৬ বিশ্বকাপেও তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন এবং প্রতিটি ম্যাচে নিজের ছাপ রেখে চলেছেন। তাই ভক্তরা জানেন, তার ক্যারিয়ারের প্রতিটি মুহূর্তই এখন আরও বেশি মূল্যবান।
হয়তো এমন আয়োজনকে কেউ পাগলামি বলবেন। কিন্তু ফুটবল সব সময়ই আবেগের খেলা। আর সেই আবেগের কেন্দ্রে যখন লিওনেল মেসি, তখন যুক্তির জায়গা অনেক সময়ই পিছিয়ে পড়ে যায়।
তাই আজ আর্জেন্টিনার আকাশে হয়তো একসঙ্গে ভেসে উঠবে হাজারো কণ্ঠ, ‘শুভ জন্মদিন, অধিনায়ক!’