ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি, লিওনেল মেসি কবে বিদায় বলবেন? বয়স ৩৯ ছুঁয়েছে, ক্যারিয়ারে জিতেছেন প্রায় সবকিছুই। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ব্যালন ডি’অর; অর্জনের ঝুলিতে সবই আছে এই মহারথীর। তবুও অবসরের কথা এখনই ভাবছেন না আর্জেন্টাইন মহাতারকা।
মেসির ভাষ্য, এখনও তিনি ফুটবল উপভোগ করছেন এবং যতদিন শরীর সাড়া দেবে, ততদিন মাঠে থাকতে চান। আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘আমি আরও কিছুদিন খেলব। যতক্ষণ দলের জন্য কিছু করতে পারব, শারীরিকভাবে ভালো অনুভব করব এবং সতীর্থদের সাহায্য করতে পারব, ততক্ষণ খেলে যাব।’
তবে ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনই দিতে রাজি নন তিনি। ভবিষ্যতের হিসাব কষার চেয়ে বর্তমানেই মনোযোগ দিতে চান মেসি। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি এখন সেটা নিয়ে ভাবছি না। ২০৩০ এখনও অনেক দূরের ব্যাপার। আমি বর্তমান নিয়েই ভাবছি এবং একদিন করে এগোচ্ছি।’
এদিকে মাঠের পারফরম্যান্সও প্রমাণ করছে, এখনও ফুরিয়ে যাননি আর্জেন্টিনার এই কিংবদন্তি। বর্তমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেভাগেই শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়েও করেন জোড়া গোল। দুই ম্যাচেই দলের সাফল্যের কেন্দ্রে ছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় সেই ম্যাচকে প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখছে আলবিসেলেস্তেরা। আর মেসির কথাতেই স্পষ্ট, অবসরের আলোচনা নয়, তার সমস্ত মনোযোগ এখন আরেকটি বিশ্বকাপ অভিযানে।