দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের অজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে ভারত। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে ক্রিকেটবিশ্বের প্রায় সবাই ধরে নিয়েছিল, ভারতের সামনে টিকতে পারবে না আইরিশরা। কিন্তু বাস্তবতা হয়েছে সম্পূর্ণ উল্টো। পুচকে আয়ারল্যান্ডই হোয়াইটওয়াশের লজ্জা উপহার দিয়েছে শক্তিশালী ভারতকে। দুই ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ৩৪ রানে এবং দ্বিতীয় ম্যাচে ১ রানে হেরেছে নব্য অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দল। ফলে টানা ১৬ সিরিজ জয়ের রেকর্ড গড়ার স্বপ্নও ভেঙে গেছে ভারতের।
এই ব্যর্থতার পর সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে দল নির্বাচন ও তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীকে একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে। আইপিএলে দারুণ পারফরম্যান্স করা এই ১৫ বছর বয়সী ব্যাটসম্যানকে বসিয়ে রাখায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কারও। তিনি বলেন, ‘আশা করেছিলাম আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই দলে থাকবে বৈভব। অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসনের সঙ্গে বৈভবেরই ওপেন করা উচিত ছিল।’
তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে, তরুণ এই প্রতিভাকে অতিরিক্ত চাপ থেকে রক্ষা করতেই আয়ারল্যান্ড সফরে তাকে খেলানো হয়নি। সহকারী কোচ রায়ান টেন ডাসকেট বলেন, ‘সে অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য তৈরি, এটা নিয়ে কোনো সংশয় নেই। আইপিএলে সে দুর্দান্ত পারফর্ম করেছে। আমরা সবাই তার ব্যাটিং দেখার জন্য উন্মুখ হয়ে আছি। কিন্তু আর সবার মত তাকেও একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের মনে রাখতে হবে বিশ্বকাপ জিততে সঞ্জু স্যামসনকেও লম্বা পথ পাড়ি দিতে হয়েছে। আমরা সবাইকে লম্বা সময়ের জন্য সুযোগ দিতে চাই।’
তবে সমালোচকদের মতে, এই ‘সুরক্ষা নীতি’ই এখন উল্টো প্রশ্নের মুখে ফেলেছে ভারতীয় দলকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যর্থতা যেন দেখিয়ে দিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে অতিরিক্ত সতর্কতা কখনও কখনও দলকেই বড় ঝুঁকির মধ্যে ফেলে দেয়।
অন্যদিকে, বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স ইতোমধ্যেই তাকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। আইপিএলে ২৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান, সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভাঙা এবং বয়সভিত্তিক ক্রিকেট থেকে ভারত ‘এ’ দলের ধারাবাহিক পারফরম্যান্স; সব মিলিয়ে তাকে ভারতের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখা হচ্ছে।
ইংল্যান্ড সফরে সুযোগ পেলে তিনি হতে পারেন ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার শচিন টেন্ডুলকারের রেকর্ডও ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।