নকআউট পর্বের সবচেয়ে বড় অস্ত্রকে অবশেষে পুরোপুরি ফিরে পেল ব্রাজিল। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নেইমারকে নিয়ে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার ভাষ্য, চোট কাটিয়ে এখন পুরো নব্বই মিনিট খেলার মতো ফিট এই তারকা ফরোয়ার্ড।
ডান পায়ের কাফ মাসলের চোটের কারণে বিশ্বকাপে এখন পর্যন্ত খুব বেশি সময় মাঠে থাকতে পারেননি নেইমার। তবে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়ে দেন, ব্রাজিলিয়ান তারকা এখন সম্পূর্ণ প্রস্তুত। নেইমারের বেশি সময় মাঠে থাকার আগ্রহকে স্বাভাবিক বলেই মনে করেন ব্রাজিল কোচ। তার মতে, যেকোনো পেশাদার ফুটবলারের মধ্যেই এমন মানসিকতা থাকে।
শুরুর একাদশে থেকে পুরো ম্যাচ খেলতে পারবেন কিনা—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘সে পুরোপুরি সক্ষম।’ শুধু শারীরিকভাবে নয়, অভিজ্ঞতার দিক থেকেও নেইমারকে দলের বড় শক্তি হিসেবে দেখছেন আনচেলত্তি।
তিনি আরও বলেন, ‘নেইমারের বিশাল অভিজ্ঞতা তাকে খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। প্রয়োজনের মুহূর্তে দল তার ওপর ভরসা করবে।’ দলের ভেতরে নেইমারের প্রভাব নিয়েও উচ্চ প্রশংসা করেন ব্রাজিল কোচ।
তিনি বলেন, ‘দলের মধ্যে নেইমার একজন সম্মানিত ব্যক্তিত্ব। পুরো টুর্নামেন্ট জুড়ে ভালোভাবে অনুশীলন করেছে সে। তার ফুটবল দক্ষতা আর পেশাদারিত্বের কারণেই সে এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য।’
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার মাঠে নেমেছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বদলি হিসেবে ১৪ মিনিট খেলেছিলেন তিনি। তবে সেই সীমিত সময়ের উপস্থিতি এখন অতীত। আনচেলত্তির দাবি, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরোপুরি সুস্থ এবং প্রয়োজন হলে নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচ খেলতেও প্রস্তুত