ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইংল্যান্ড। কিন্তু জয় উদযাপনের বদলে ম্যাচ শেষে রেফারিং নিয়েই ক্ষোভ ঝাড়লেন ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল। তার দাবি, চলতি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার মান প্রত্যাশার ধারে কাছেও নেই।
আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। এরপর মেক্সিকো একটি পেনাল্টিও পায়। এসব সিদ্ধান্ত নিয়েই ম্যাচ শেষে তীব্র অসন্তোষ প্রকাশ করেন টুখেল।
বিবিসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রেফারিংয়ের মান আসলেই ভালো নয়। প্রধান রেফারি থেকে শুরু করে ফোর্থ অফিসিয়াল, কেউই নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারছেন না। এটাই আসল সত্যি।’
বিশেষ করে মেক্সিকোর পাওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন ইংল্যান্ড কোচ। টুখেল বলেন, ‘পেনাল্টি দেওয়ার মতো কোনো স্পষ্ট বা বড় ভুল কি সেখানে হয়েছিল? একদমই না। এমন একটা পরিস্থিতিকে ভিএআর দিয়ে পেনাল্টিতে রূপান্তর করা হলো, যেখানে রেফারি প্রথমে ফাউলের বাঁশিই বাজাননি।’
ম্যাচের শুরুটা অবশ্য দারুণ ছিল ইংল্যান্ডের। প্রথমার্ধে মাত্র দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জুড বেলিংহাম। তবে বিরতির ঠিক আগে হুলিয়ান কুইনোনেস একটি গোল শোধ করে মেক্সিকোকে ম্যাচে ফেরান।
দ্বিতীয়ার্ধে নাটকীয়তা আরও বাড়ে। ৫৪ মিনিটে জ্যারেল কুয়ানসা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জন নিয়ে খেলতে হয় ইংল্যান্ডকে। ভিএআর রিভিউতে দেখা যায়, মেক্সিকোর হেসুস গ্যালার্দোর ওপর বিপজ্জনকভাবে বুট উঁচিয়ে ট্যাকল করেছিলেন তিনি। তবে একজন কম নিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ইংল্যান্ড। ৬০ মিনিটে হ্যারি কেইন পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন।
এরপর ৬৯ মিনিটে ডি-বক্সের ভেতর ব্রায়ান গুটিয়েরেজকে পেছন থেকে আঘাত করেছেন বলে মনে হলে, মনিটরে ঘটনাটি দেখে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন রাউল হিমিনেজ। যদিও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি মেক্সিকো।
১০ জনের দল নিয়েই ৩-২ গোলের জয় নিশ্চিত করে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। সেখানে তাদের প্রতিপক্ষ নরওয়ে, যারা শেষ ষোলোতে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার দিবাগত রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে।