আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং বিতর্কের আগুন নিভতে না নিভতেই নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির দাবি, তাদের অফিসিয়াল ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর বার্তা পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে বিতর্কিতভাবে ৩-২ গোলে জয় পেয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচে প্রথমে ২-০ গোলে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।
তবে ম্যাচের পর থেকেই রেফারিং নিয়ে তীব্র বিতর্ক চলছে। মিশর ফুটবল অ্যাসোসিয়েশন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও ম্যাচ অফিশিয়ালদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ফিফার কাছে তাদের বিশ্বকাপ থেকে বহিষ্কারের আনুষ্ঠানিক দাবিও জানিয়েছে। এরই মধ্যে আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা কায়ে জানায়, এএফএর অফিসিয়াল ই-মেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে কয়েকটি বিস্ময়কর বার্তা পাঠানো হয়েছে।
ওই ই-মেইলগুলোতে দাবি করা হয়, ‘আর্জেন্টিনা ম্যাচ জেতেনি’ এবং ম্যাচের ফলাফল ছিল ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফসল’। শুধু তাই নয়, সেখানে মিশরের পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, এএফএর অভ্যন্তরীণ সূত্রের ধারণা, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
ঘটনার পরপরই এক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে এএফএ। সংস্থাটি জানায়, ‘আমরা সবাইকে জানাতে চাই যে, আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু ই-মেইল পাঠানোর ঘটনা আমরা শনাক্ত করেছি। এই মেইলগুলো আমাদের দলের কেউ করেনি এবং এর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।’
এএফএ আরও জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাধারণ মানুষকেও সতর্ক করে সংস্থাটি বলেছে, ‘সম্প্রতি আমাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো অস্বাভাবিক বার্তা, বিশেষ করে যাতে কোনো লিংক, ফাইল কিংবা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে তা এড়িয়ে চলার অনুরোধ করছি। আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে শঙ্কা প্রকাশ করছি। আমরা পুরো বিষয়টিকে খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিচ্ছি।’
রেফারিং বিতর্কের পাশাপাশি এএফএর এই হ্যাকিং দাবিও এখন বিশ্বকাপের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।