দক্ষিণ আফ্রিকা ও দেশটির ক্লাব মামেলোদি সানডাউন্সের মিডফিল্ডার জেডেন অ্যাডামস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর। কয়েক সপ্তাহ আগেই তিনি ২০২৬ ফুটবল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে শনিবার (১১ জুলাই) এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তিনটি গ্রুপ ম্যাচেই খেলেছিলেন অ্যাডামস। দলটি প্রথমবারের মতো নকআউট পর্বে উঠলেও শেষ ৩২-এর ম্যাচে যৌথ আয়োজক কানাডার কাছে হেরে বিদায় নেয়।
দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি এক বিবৃতিতে বলেন, ‘গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জেডেন অ্যাডামসের মৃত্যুর খবর জেনেছি। দক্ষিণ আফ্রিকার ফুটবল তার অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারিয়েছে। তার পরিবার, সতীর্থ এবং লাখো সমর্থকের সঙ্গে পুরো জাতি শোকাহত।’
দক্ষিণ আফ্রিকা পুলিশ জানিয়েছে, শনিবার সকালে কেপটাউনের কেন্দ্রীয় এলাকার শটশেকলুফ উপশহরের একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তির (অ্যাডামস) মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এদিক এখন পর্যন্ত অ্যাডামসের মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে গেইটন ম্যাকেঞ্জি গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো ধরনের জল্পনা-কল্পনা থেকে বিরত থাকতে হবে এবং তার পরিবার ও ক্লাবকে এই কঠিন সময়ে প্রয়োজনীয় ব্যক্তিগত পরিসর দিতে হবে।’ তিনি জানান, যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানাবে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে শুরুর একাদশে ছিলেন অ্যাডামস। ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি জানতে পারেন, তার দাদি মারা গেছেন।
দক্ষিণ আফ্রিকা ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন এক বিবৃতিতে অ্যাডামসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। সংগঠনটি জানায়, ২০২২ সালে জাতীয় দলে অভিষেক হওয়া অ্যাডামস সম্প্রতি ২০২৬ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তার মৃত্যু পরিবার, সতীর্থ, ক্লাব এবং পুরো ফুটবল অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও শোক প্রকাশ করে বলেন, ‘আমার এবং ফিফা পরিবারের পক্ষ থেকে জেডেন অ্যাডামসের পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
স্টেলেনবস এফসিতে ক্যারিয়ার শুরু করেন অ্যাডামস। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি মামেলোদি সানডাউন্সে যোগ দেন। ক্লাবটির হয়ে দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগ এবং আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন তিনি।
এ ছাড়া ২০২৩ আফ্রিকা কাপ অব নেশনসে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠা দলের সদস্য ছিলেন অ্যাডামস। পরে কোচ হুগো ব্রুসের অধীনে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়ে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথমবারের মতো দলকে বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছাতে অবদান রাখেন।