বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ফ্রান্সের অধিনায়ক জানেন, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সেই রেকর্ড হাতছাড়া হয়ে যেতে পারে। লিওনেল মেসিকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরও রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের বিশ্বাস, রোববার স্পেনের বিপক্ষে ফাইনালে গোল করে তাকে আবারও ছাড়িয়ে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।
মেসিই আবার শীর্ষে উঠবেন, বিশ্বাস এমবাপ্পের
রোববারের ফাইনালে স্পেনের বিপক্ষে মেসি গোল করবেন—এ নিয়ে কোনো সন্দেহ নেই এমবাপ্পের। তার বিশ্বাস, গোল করেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনটি আবার দখলে নেবেন আর্জেন্টাইন অধিনায়ক।
শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়ায় ২২-এ। তাতেই মেসিকে পেছনে ফেলে প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে যান ফরাসি তারকা।
অন্যদিকে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে মেসির গোল ২১টি। তবে ফাইনালে গোল করার আরও একটি সুযোগ রয়েছে তার সামনে।
ফক্স স্পোর্টসকে এমবাপ্পে বলেন, ‘লিও তো সব সময়ই গোল করে। আগামীকালও সে অবশ্যই গোল করবে।’
তৃপ্তির বদলে হতাশা
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার মুহূর্তটি এমবাপ্পের জন্য আনন্দের হওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত এই অর্জনেও পুরোপুরি খুশি হতে পারেননি তিনি। কারণ, একই দিনে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে ফ্রান্সকে। এর ওপর মেসি যে কোনো মুহূর্তে তাকে আবার ছাড়িয়ে যেতে পারেন—এই সম্ভাবনাও রয়েছে।
ব্যক্তিগত অর্জন নিয়ে কথা বলতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘আমি প্রতিবারই দলকে সাহায্য করার চেষ্টা করি। বিশ্বকাপে যখন এত গোল করেন, তখন অবশ্যই আপনি অন্য এক উচ্চতায় পৌঁছে যান। কিন্তু আমি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা না হয়ে বরং আগামীকাল (ফাইনালে) ম্যাচ খেলতেই বেশি পছন্দ করতাম।’
গোল্ডেন বুটের লড়াইয়েও উত্তেজনা
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়েও এগিয়ে এমবাপ্পে। এখন পর্যন্ত ১০ গোল করে শীর্ষে আছেন তিনি। তার চেয়ে দুই গোল পিছিয়ে মেসি।
তবে ফাইনালে গোল করে ব্যবধান কমানোর সুযোগ রয়েছে ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়কের সামনে।
মেসি যদি ফাইনালে অসাধারণ কোনো পারফরম্যান্স না দেখান, তাহলে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুইবার বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়বেন এমবাপ্পে।
আধুনিক ফুটবলে এমবাপ্পের গোল করার হারও প্রায় নজিরবিহীন। এক বিশ্বকাপে আট বা তার বেশি গোল করা মাত্র আটজন খেলোয়াড়ের অভিজাত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। এই তালিকায় রয়েছেন জুস্ত ফন্তেইন, ইউসেবিও ও ব্রাজিলের রোনালদোর মতো কিংবদন্তিরাও।