অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম লড়াইয়েই নিজের আগমনী বার্তা দিয়েছিলেন নাহিদ রানা। গতি, আগ্রাসন আর নিখুঁত বোলিংয়ে অজি ব্যাটারদের বিপাকে ফেলে আলোচনায় আসেন এই তরুণ পেসার। এবার সেই নাহিদ রানাকে নিয়েই অস্ট্রেলিয়ান গণমাধ্যমে চলছে আলোচনা।
জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সাফল্যের অন্যতম নায়ক ছিলেন নাহিদ। প্রথম ওয়ানডেতে মাত্র ৪১ রান খরচায় ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১৯১ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ৮৬ রানের বড় ব্যবধানে। এরপর প্রথম টি-টোয়েন্টিতেও একটি উইকেট শিকার করেন এই পেসার।
‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ বছর বয়সী নাহিদ রানা ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করার পাশাপাশি বাউন্স ও নিয়ন্ত্রিত লাইন-লেন্থ দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
তবে অস্ট্রেলিয়া সফরের আগে নাহিদের চোট এখন বাংলাদেশের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইড স্ট্রেইনের চোটে পড়ায় ডারউইন ও ম্যাকাইয়ের টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
নাহিদের চোটের খবর পাওয়ার পর বাংলাদেশ দলের নির্বাচকরাও জরুরি বৈঠকে বসেন। কারণ অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনায় তাকে দলের মূল স্ট্রাইক বোলার হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমটির দাবি, বিসিবি এখনো স্ক্যান রিপোর্টের অপেক্ষায় থাকলেও ধারণা করা হচ্ছে, সুস্থ হতে নাহিদের অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে। ফলে ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে পুরোপুরি ম্যাচ ফিট হওয়া কঠিন হতে পারে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ওয়ানডেতে নাহিদের শিকারের তালিকায় ছিলেন টেস্ট ক্রিকেটার জশ ইংলিস ও অ্যালেক্স ক্যারি। ইংলিসকে আউট করার পর মাঠে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছিল। পরে সতীর্থরা পরিস্থিতি সামাল দেন।
এদিকে আগামী এক বছরে ২১টি টেস্ট ম্যাচের ব্যস্ত সূচি সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইতোমধ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লায়ন।
অন্যদিকে, অস্ট্রেলিয়া সফরের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ। তবে অজিদের বিপক্ষে গতি দিয়ে যে ভয় ধরিয়েছেন নাহিদ রানা, সেটি এরই মধ্যে পৌঁছে গেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলেও।