প্রতিটি গোলের পর একই ভঙ্গি। দুই হাত তুলে ‘৩০৪’ সংখ্যা তৈরি করেন লামিন ইয়ামাল। অনেক দিন ধরেই এই উদযাপনের অর্থ জানতে আগ্রহ ছিল ফুটবলপ্রেমীদের। এবার সামনে এলো সেই রহস্য।
বার্সেলোনা ও স্পেনের এই তরুণ তারকার ‘৩০৪’ আসলে কোনো কাকতালীয় সংখ্যা নয়। এটি বার্সেলোনার শ্রমজীবী এলাকা রোকাফোন্দার পোস্টাল কোডের শেষ তিন অঙ্ক। এই এলাকাতেই জন্ম ও বেড়ে ওঠা ইয়ামালের। তাই প্রতিটি গোলের পর নিজের শিকড় এবং এলাকার মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই তিনি এই বিশেষ উদযাপন করেন।
বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন ১৭ বছর বয়সী এই ফুটবলার। অনেকেই বলছেন, বিশ্বজুড়ে তারকা খ্যাতি পেলেও নিজের শিকড়কে ভুলে যাননি ইয়ামাল।
শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও বিনয়ী আচরণে মুগ্ধ করছেন এই স্প্যানিশ তারকা। সম্প্রতি বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছেন তিনি। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা ও ক্রীড়া পরিচালক ডেকোর উপস্থিতিতে চুক্তি সম্পন্ন হলেও আনুষ্ঠানিক ফটোসেশন সঙ্গে সঙ্গে করতে রাজি হননি ইয়ামাল।
এর কারণও ছিল আবেগঘন। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তার দাদি ফাতিমা। তাই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তে দাদিকে পাশে রাখতে চেয়েছিলেন তিনি। সে কারণেই নিজের ১৮তম জন্মদিনের পর জুলাই মাসে দাদিকে সঙ্গে নিয়েই আনুষ্ঠানিক ফটোসেশন করার সিদ্ধান্ত নেন ইয়ামাল।
এই দুই ঘটনাই আবারও প্রমাণ করেছে, বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তরুণ তারকা হলেও নিজের পরিবার আর শিকড়কে কখনোই ভুলে যাননি লামিন ইয়ামাল।