২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামার তিন দিনের মাথায় সমর্থকদের ভোটে নির্বাচিত টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করেছে ফিফা। ৪-৩-৩ ফরমেশনে সাজানো এই দলে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। দুই দেশ থেকেই সুযোগ পেয়েছেন তিনজন করে ফুটবলার। রানার্সআপ আর্জেন্টিনা থেকে রয়েছেন দুইজন, আর ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে থেকে জায়গা হয়েছে একজন করে খেলোয়াড়ের।
সবচেয়ে চমক এসেছে গোলরক্ষকের জায়গায়। সমর্থকদের ভোটে সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সি অভিজ্ঞ ভোজিনিয়া। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ৩৯.৬ শতাংশ ভোট। এতে গোল্ডেন গ্লাভসজয়ী স্পেনের উনাই সিমনকেও পেছনে ফেলেছেন তিনি।
রক্ষণভাগে জায়গা পেয়েছেন স্পেনের পেদ্রো পোরো ও মার্ক কুকুরেয়া, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। পুরো বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী রক্ষণভাগ গড়ে তুলেছিল স্পেন, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পোরো ও কুকুরেয়ার।
মাঝমাঠেও স্পেনের আধিপত্য স্পষ্ট। গোল্ডেন বলজয়ী রদ্রির সঙ্গে রয়েছেন ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। বিশ্বকাপজুড়ে স্পেনের খেলার ছন্দ নিয়ন্ত্রণে বড় ভূমিকা ছিল রদ্রির। পাশাপাশি ওলিসে ও বেলিংহ্যামও নিজেদের দলের হয়ে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়েছেন।
আক্রমণভাগে জায়গা করে নিয়েছেন তিন তারকা—আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হালান্ড। গোল্ডেন বুটজয়ী এমবাপ্পে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে সমর্থকদের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান। ৩৯ বছর বয়সেও মেসি ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন। অন্যদিকে হালান্ড সাত গোল করে নরওয়েকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন।
ফিফার সমর্থক-ভোটে নির্বাচিত ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ
গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)
রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্টিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)
মাঝমাঠ: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), আর্লিং হালান্ড (নরওয়ে)