বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর পোকার (জুয়ার) খেলায় অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। সান্তোস গুরুত্বপূর্ণ ম্যাচ খেললেও তিনি ছিলেন না দলের সঙ্গে। বরং সাও পাওলোর একটি পোকার টুর্নামেন্টে তার উপস্থিতির ছবি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা। এবার সেই জুয়া সংক্রান্ত সমালোচনার জবাব দিলেন ব্রাজিলিয়ান তারকা।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় নেইমার জানান, তিনি ক্লাবের অনুমোদিত ফিটনেস কর্মসূচির অংশ হিসেবে ব্রাজিলেই ছিলেন এবং সেদিন ছিল তার নির্ধারিত ছুটি। নেইমার বলেন, ‘আমি আমার দ্বিতীয় দিনের অনুশীলন পর্বের প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই মনে পড়ল, ছুটির দিনে আমার পোকার খেলতে যাওয়া নিয়ে অনেকেই অনেক কথা বলছে।’
সমালোচনায় বিরক্তি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘সকালে অনুশীলন শেষ করে আমি ম্যাচ দেখতে যাইনি, এরপর আবার অনুশীলনে ফিরেছি। আমি বিশ্রামেই ছিলাম। তবু মানুষ কথা বলেই যাচ্ছে। তো, এখন কি আমার অনুশীলনে যাওয়ার অনুমতি আছে নাকি এটার জন্যও তারা সমালোচনা করে যাবে? সবাই নিজের চরকায় তেল দেন।’
ভিডিওর শেষদিকে ক্যামেরায় টোকা দিয়ে নিজের অসন্তোষও প্রকাশ করেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এর আগে পোকার টুর্নামেন্টের একটি ছবি পোস্ট করে নেইমার লিখেছিলেন, ‘লাইফ ইজ এ জোক।’
বিশ্বকাপের পর কয়েক দিনের বিরতি শেষে গত শুক্রবার সান্তোসের অনুশীলনে ফেরেন নেইমার। পুরোপুরি ফিট হয়ে ওঠার লক্ষ্যে তিনি আলাদা পুনর্বাসন কর্মসূচি অনুসরণ করছেন। এ কারণেই কোপা সুদামেরিকানার ম্যাচে দলের সঙ্গে ভেনেজুয়েলা সফরে যাননি তিনি। সান্তোস কোচ কুকাও নেইমারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন। তার মতে, দীর্ঘ সফরের চেয়ে ব্রাজিলে থেকে পুনর্বাসন চালিয়ে যাওয়া নেইমারের জন্য বেশি উপকারী ছিল।
সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন এই তারকা।