বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। রেফারিং থেকে শুরু করে নানা ষড়যন্ত্রের অভিযোগে যখন সামাজিক যোগাযোগমাধ্যম সরব, ঠিক তখনই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আর্জেন্টিনার একটি টেলিভিশন অনুষ্ঠান। ‘তোদো নতিসিয়াস’ নামের সেই অনুষ্ঠান এবার প্রকাশ করেছে এমন ১০ জন আন্তর্জাতিক ব্যক্তির একটি তালিকা, যাদের তারা ‘আর্জেন্টিনা বিরোধী’ হিসেবে তুলে ধরেছে।
তালিকার শীর্ষে রয়েছেন মিশরের জাতীয় দলের কোচ হোসাম হাসান। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর তিনি যৌক্তিক অভিযোগ করেছিলেন, ম্যাচে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পেয়েছে। ‘বেইন স্পোর্টস’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমরা তাদের বিপক্ষে অনেক ভালো দল ছিলাম, কিন্তু যা হলো সেটা অন্যায় হয়েছে। আমাদের একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল এবং একটি গোল বাতিল হলো। এটা কি শুধু মার্কেটিংয়ের জন্য? তারা কি চায় মেসি খেলা চালিয়ে যাক?’ এই ম্যাচটাই ছিল বিশ্বকাপের সবচেয়ে বিতর্কিত ম্যাচ গুলোর একটি।
তালিকায় জায়গা পেয়েছেন ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব পিয়ার্স মরগানও। তিনি আর্জেন্টাইন খেলোয়াড়দের আচরণের সমালোচনা করে লিখেছিলেন, ‘তাদের আচরণ ছিল জঘন্য, বিশেষ করে পারেদেসের। তারা একটি সহিংস দল এবং ফুটবলের জন্য কলঙ্ক।’ এর জবাবে অনুষ্ঠানের সঞ্চালক জোনাথান ফিয়ালি বলেন, ‘আমরা কি একজন ইংরেজ সাংবাদিকের মুখে এসব আজেবাজে কথা শুনছি?’ মজার ব্যাপার হলো, পিয়ার্স মরগান একজন রোনালদো ভক্ত।
এ ছাড়া মার্কিন অভিনেতা স্যামুয়েল জ্যাকসন, কন্টেন্ট নির্মাতা রোনালদো ভক্ত আইশো স্পিড, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, স্প্যানিশ গায়ক রোসালিয়া এবং চিলিয়ান অভিনেতা পেদ্রো পাসকালসহ আরও কয়েকজন পরিচিত মুখও এই তালিকায় রয়েছেন।
প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। কেউ এটিকে আর্জেন্টিনার পক্ষে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন, সাধারণ সমালোচনাকেও অতিরঞ্জিত করে ‘আর্জেন্টিনা বিরোধী’ তকমা দেওয়া হচ্ছে।