রিয়াল মাদ্রিদে নিজের জায়গা পাকা করার স্বপ্ন নিয়ে ফিরছেন ব্রাজিলিয়ান তরুণ তারকা এনদ্রিক। তবে নতুন মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দুর্দান্ত লোন স্পেল কাটিয়ে ফিরলেও আবারও ধারে পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না স্প্যানিশ জায়ান্টরা।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার কারণে জানুয়ারিতে ধারে অলিম্পিক লিওঁতে যোগ দেন এনদ্রিক। ফরাসি ক্লাবটিতে নিয়মিত খেলার সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ১৬টি গোল ও অ্যাসিস্টে অবদান রেখে ফিরে পান আত্মবিশ্বাস।
এমন পারফরম্যান্সের পর নতুন মৌসুমে রিয়ালের মূল দলে জায়গা করে নেওয়ার প্রত্যাশা ছিল এনদ্রিকের। কিন্তু পরিস্থিতি এখনো পুরোপুরি তার পক্ষে নয়। ইএসপিএনের সাংবাদিক রোদ্রার দাবি, এনদ্রিককে আবারও লোনে পাঠানোর বিষয়টি বিবেচনা করছে রিয়াল মাদ্রিদ।
তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নতুন কোচ হোসে মরিনহো নিজ চোখে এনদ্রিকের পারফরম্যান্স যাচাই করতে চান। প্রাক-মৌসুম প্রস্তুতিতে তাকে এবং আরেক তরুণ ফরোয়ার্ড গনসালো গার্সিয়াকে পর্যবেক্ষণ করবেন তিনি।
রিয়াল যদি আক্রমণভাগে নতুন কোনো বড় তারকা যোগ করে, তাহলে দুই তরুণের একজনকে নিয়মিত খেলার সুযোগের জন্য অন্য ক্লাবে পাঠানো হতে পারে। এ কারণেই এনদ্রিকের ভবিষ্যৎ এখনো নিশ্চিত নয়।
ছুটি শেষে ২৮ জুলাই রিয়াল মাদ্রিদে ফেরার কথা রয়েছে এনদ্রিকের। তার প্রতিনিধিরা বিকল্প হিসেবে আরেকটি লোন চুক্তির সম্ভাবনাও খতিয়ে দেখছেন। তবে এনদ্রিকের নিজের ইচ্ছা ভিন্ন, রিয়ালেই থেকে লড়াই করে দলে জায়গা করে নিতে চান তিনি। ব্রাজিলিয়ান এই তরুণের সামনে এখন বড় চ্যালেঞ্জ, নতুন কোচকে নিজের যোগ্যতা প্রমাণ করে দেখানো।