মাইকেল ওলিসেকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহের গুঞ্জনে এবার সরাসরি ইতি টানল বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টটির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই উইঙ্গারকে বিক্রির কোনো পরিকল্পনা নেই তাদের।
বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টোফ ফ্রয়েন্ড জানিয়েছেন, ওলিসেকে নিয়ে রিয়ালের সম্ভাব্য প্রস্তাব বা গুঞ্জন নিয়ে তারা কোনো চিন্তাই করছে না। প্রাক-মৌসুম ম্যাচের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ওলিসের রিয়াল মাদ্রিদের যাওয়ার গুঞ্জন নিয়ে আমরা মোটেও ভাবছি না। মাইকেলের ছুটি শেষ করে ফিরে আসার অপেক্ষায় আছি। গত মৌসুমের মতো এবারও সে বায়ার্নের হয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
দলবদলের বাজারে বেশ কিছুদিন ধরেই আলোচনা ছিল, ফরাসি এই তারকাকে দলে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। এমনকি ১৫০ মিলিয়ন ইউরোর বেশি প্রস্তাবের গুঞ্জনও শোনা যায়। তবে বায়ার্নের অনড় অবস্থানের কারণে আপাতত ওলিসেকে পাওয়ার পথ কঠিন হয়ে গেছে স্প্যানিশ ক্লাবটির জন্য।
২০২৪ সালে প্রায় ৫ কোটি ৩০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ক্রিস্টাল প্যালেস থেকে বায়ার্নে যোগ দেন ওলিসে। জার্মান ক্লাবে এসেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ২৪ বছর বয়সী এই উইঙ্গার। সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোলের পাশাপাশি ৩১টি অ্যাসিস্ট করেছেন তিনি। বিশ্বকাপেও ৭টি অ্যাসিস্ট করে আলোচনায় ছিলেন এই ফরাসি ফুটবলার।
২০২৯ সালের জুন পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন ওলিসে। ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তাকে দেখছে জার্মান চ্যাম্পিয়নরা। নতুন মৌসুমে কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনেও তার ওপর বড় দায়িত্ব থাকবে বলে জানিয়েছেন ফ্রয়েন্ড।
এদিকে ওলিসেকে না পেলে রিয়াল মাদ্রিদ এখন আরেক তরুণ প্রতিভার দিকে নজর দিয়েছে। আরবি লাইপজিগের উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে ভেড়াতে ইতোমধ্যে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।