ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে পরিচিত রোনালদো নাজারিও। গতি, ড্রিবলিং আর দুর্দান্ত গোল করার ক্ষমতা দিয়ে একসময় ফুটবল বিশ্বে রাজত্ব করেছেন ব্রাজিলের এই কিংবদন্তি। তবে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে তিনি স্বীকার করলেন, নিজের খেলায় ক্রিস্টিয়ানো রোনালদোর মতো পরিবর্তন আনতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি।
ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাতে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো নাজারিও নিজের ক্যারিয়ার ও ক্রিস্টিয়ানো রোনালদোর সাফল্যের রহস্য নিয়ে কথা বলেছেন। ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে ব্রাজিলিয়ান কিংবদন্তি জানান, তিনি ছিলেন মূলত গতি ও ড্রিবলিংনির্ভর একজন আক্রমণভাগের খেলোয়াড়। একক দক্ষতায় প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলাই ছিল তার বড় শক্তি।
নিজের অপূর্ণতার কথা তুলে ধরে রোনালদো বলেন, ‘আমি আমার খেলায় ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উন্নতি আনতে চেয়েছিলাম, কিন্তু সেটা করতে পারিনি।’
পর্তুগিজ মহাতারকার সাফল্যের পেছনে তার অসাধারণ শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমকে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তিনি বলেন, ‘নিজের অসাধারণ শৃঙ্খলার কারণে ক্রিশ্চিয়ানো একজন দুর্দান্ত ড্রিবলার, উইঙ্গার থেকে নিজেকে বদলে ভয়ংকর এক গোলস্কোরারে পরিণত করেছে।’
রোনালদো নাজারিওর মতে, ক্যারিয়ারের শুরুতে ক্রিস্টিয়ানোর মূল শক্তি ছিল গতি, ড্রিবলিং ও উইং দিয়ে আক্রমণ তৈরি করা। কিন্তু সময়ের সঙ্গে নিজের খেলার ধরন বদলে তিনি হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা গোলদাতা। আর এই পরিবর্তনের পেছনে ছিল কঠোর পরিশ্রম, আত্মনিবেদন এবং প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতা।