ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে নতুন এক জগতে পা রাখতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ার পর এবার টেলিভিশন ড্রামা সিরিজের সঙ্গে যুক্ত হচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
ব্রিটিশ ফুটবলকে ঘিরে নির্মিতব্য নতুন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন রোনালদো। শুধু পর্দার পেছনেই নয়, সিরিজটিতে বিশেষ উপস্থিতিও থাকবে তার। এই প্রকল্পে রোনালদোর সঙ্গে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরিও।
নতুন এই উদ্যোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো বলেন, ‘এটি আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটি অধ্যায়। সামনে নতুন নতুন উদ্যোগের দিকে তাকিয়ে আছি।’
সিরিজটি নির্মাণে রোনালদোর সঙ্গী হয়েছেন হলিউডের বিখ্যাত পরিচালক ম্যাথিউ ভন। ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের নির্মাতা ভনের সঙ্গে চলতি বছর ইউআর-মার্ভ স্টুডিওস প্রতিষ্ঠা করেছেন রোনালদো।
রোনালদোকে নিয়ে ম্যাথিউ ভন বলেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন, যেগুলো আমি কখনো লিখতে পারতাম না। এখন তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক সিনেমা ও টেলিভিশনের গল্প তৈরি করার অপেক্ষায় আছি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডে ওয়ানস’ সিরিজে ব্রিটিশ ফুটবলের বাস্তব চিত্র তুলে ধরা হবে। এটি ‘টেড ল্যাসো’র মতো হালকা মেজাজের কোনো ফুটবলভিত্তিক গল্প নয়; বরং ফুটবলের কঠিন বাস্তবতা, প্রতিযোগিতা, ব্যবসা এবং পর্দার আড়ালের নানা বিষয় উঠে আসবে।
ইতোমধ্যে ইংল্যান্ডের ক্লাব বার্নেট এফসির মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে। বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে এর সম্প্রচারস্বত্ব নিয়ে প্রতিযোগিতা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। কারণ, রোনালদোসহ সংশ্লিষ্ট তারকাদের উপস্থিতি প্রকল্পটিকে বাড়তি গুরুত্ব দিয়েছে।
সিরিজটির কেন্দ্রীয় চরিত্র স্ট্যানলি ডালটন একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। এই চরিত্রে অভিনয় করবেন ডেমিয়ান লুইস, যিনি ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিত।