পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য এক স্পেলে টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। ত্রিনিদাদে সিরিজের প্রথম টেস্টে টানা পাঁচটি উইকেট-মেডেন ওভার করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই ডানহাতি পেসার। এর আগে কোনো বোলারই এমন কীর্তি গড়তে পারেননি।
তারুবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে ম্যাচের তৃতীয় দিনে পাকিস্তান যখন শক্ত অবস্থানে ছিল, তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গ্রিভস। ১১ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে গড়েন নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। অবিশ্বাস্য বিষয় হলো, পাঁচটি উইকেটই আসে টানা পাঁচ ওভারে, কোনো রান না দিয়েই।
এটাই ছিল টেস্ট ক্রিকেটে গ্রিভসের প্রথম পাঁচ উইকেট শিকার। এর মাধ্যমে তিনি ভেঙে দেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রডের রেকর্ড। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্রড টানা চারটি উইকেট-মেডেন ওভার করেছিলেন।
শান মাসুদের শতকে ভর করে পাকিস্তান ২৪৪/৩ অবস্থানে পৌঁছে বড় সংগ্রহের পথে ছিল। কিন্তু মাসুদ আউট হওয়ার পরই শুরু হয় ধস। এরপর একে একে আমের জামাল, আলি উসমান ও মোহাম্মদ রিজওয়ানকে ফেরান গ্রিভস। লাঞ্চের পর আবার বোলিংয়ে এসে মোহাম্মদ আব্বাসকে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে টানা পঞ্চম উইকেট-মেডেন ওভার পূর্ণ করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৩১১ রান করলেও পাকিস্তান শেষ পর্যন্ত অলআউট হয় ২৮২ রানে। ফলে প্রথম ইনিংসে ২৯ রানের গুরুত্বপূর্ণ লিড পায় স্বাগতিকরা।