রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর্সেনালের আগ্রহের গুঞ্জনের মধ্যেই এবার তাকে বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন ক্লাবটির সাবেক ফুটবলার কার্লোস গঞ্জালেস। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ভিনিসিয়ুসকে দলে রাখার চেয়ে মোটা অঙ্কের ট্রান্সফার ফির বিনিময়ে ছেড়ে দেওয়াই রিয়ালের জন্য ভালো সিদ্ধান্ত হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। নতুন চুক্তিতে তিনি কিলিয়ান এমবাপ্পের সমান বেতন চেয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সেই দাবি মেনে নিতে আগ্রহী নন।
১৯৭১ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলা গঞ্জালেস বলেন, শুরু থেকেই ভিনিসিয়ুসের প্রতিভার বড় সমর্থক ছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে মাঠে ও মাঠের বাইরের আচরণে পরিবর্তন এসেছে বলে মনে করেন এই সাবেক ফুটবলার।
গঞ্জালেসের মতে, গত মৌসুমে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় বদলি হতে অস্বীকৃতি জানিয়ে কোচ জাবি আলোনসোর সঙ্গে ভিনিসিয়ুসের তর্কে জড়িয়ে পড়ার ঘটনাই পরিস্থিতি বদলে দিয়েছে। এরপর থেকে সমর্থকদের একাংশের সঙ্গে তার দূরত্ব বেড়েছে, পাশাপাশি প্রতিপক্ষ ও ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে বিতর্কেও বারবার জড়িয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে গঞ্জালেসের বিশ্বাস, ভিনিসিয়ুসকে বিক্রি করাই রিয়ালের জন্য সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত। তার মতে, বর্তমান অবস্থায় ক্লাব ও খেলোয়াড়, উভয়ের জন্যই বিচ্ছেদই হতে পারে সবচেয়ে ভালো সমাধান।