চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তবে দলের সঙ্গে খেলতে না গেলেও অস্ট্রেলিয়াতেই যাচ্ছেন তিনি। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে এই গতি দানবের।
জিম্বাবুয়ে সফরের পর জাতীয় দলের চার পেসার ও এক ব্যাটার চোটে আক্রান্ত হয়েছেন। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করা হয়েছে নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাসদের ছাড়াই।
শুরুতে নাহিদের দেশে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালানোর পরিকল্পনা থাকলেও, বিসিবি শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেখানে পৌঁছে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা ও পরবর্তী পুনর্বাসন সম্পন্ন করবেন তিনি।
নাহিদের সঙ্গে একই ফ্লাইটে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন পেসার তাসকিন আহমেদও। রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়বেন দুজন। তবে নাহিদ চিকিৎসা নিয়েই ব্যস্ত থাকবেন, আর তাসকিন যোগ দেবেন বাংলাদেশ দলের সঙ্গে।
এর আগে বিসিবি জানিয়েছিল, নাহিদের চোট থেকে সেরে উঠতে প্রায় চার সপ্তাহ লাগবে। এরপর বোলিংয়ের ওয়ার্কলোড ধীরে ধীরে বাড়াতে আরও দুই থেকে চার সপ্তাহ সময় প্রয়োজন হবে। সব মিলিয়ে পুরোপুরি ফিট হতে তার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।