হলিউডের শুটিং সেটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বারবার রিটেক কিংবা দীর্ঘ প্রস্তুতি খুবই স্বাভাবিক বিষয়। তবে সেখানে যদি উপস্থিত থাকেন লিওনেল মেসি, তাহলে বদলে যায় সব নিয়ম। নির্ধারিত সময় শেষ হলেই কাজ গুটিয়ে চলে যান আর্জেন্টাইন মহাতারকা। বিদায়ের আগে শোনা যায় তার পরিচিত শব্দ, ‘ভামোস’ (চললাম)।
আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি মাঠের মতো ক্যামেরার সামনেও সময়ের ব্যাপারে খুবই কঠোর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য ড্যান প্যাট্রিক শো’তে হলিউড অভিনেতা উইল ফেরেল জানান, বিজ্ঞাপনের শুটিংয়ে মেসির জন্য আলাদা সময়সূচি মেনে চলতে হয় পুরো টিমকে।
ফেরেলের মতে, আলুচিপস প্রস্তুতকারী প্রতিষ্ঠান লেস-এর একটি বিজ্ঞাপনের শুটিংয়ে মেসির সঙ্গে কাজ করেছিলেন অভিনেতা স্টিভ ক্যারেল। সেই অভিজ্ঞতা থেকেই জানা যায়, মেসি সাধারণত সেটে থাকেন মাত্র ৩০ মিনিট। এই সময়ের মধ্যেই শেষ করতে হয় তার সব দৃশ্য।
সাধারণত বিজ্ঞাপনের শুটিংয়ে আলো, ক্যামেরা ও বিভিন্ন কারিগরি কারণে একাধিকবার রিটেকের প্রয়োজন হয়। কিন্তু মেসির ক্ষেত্রে সেই সুযোগ খুব সীমিত। তাই তিনি সেটে আসার আগেই সব প্রস্তুতি শেষ করে রাখতে হয়। এ নিয়ে মজা করে ফেরেল বলেন, সময় শেষ হলে মেসি হয়তো শুধু বলবেন, ‘ভামোস’, আর এরপরই সেট ছেড়ে চলে যাবেন। ফলে তাকে নিয়ে কাজ করা পুরো দলের জন্যই হয়ে ওঠে এক ধরনের চ্যালেঞ্জ।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বাণিজ্যিক দুনিয়াতেও মেসির জনপ্রিয়তা এখন তুঙ্গে। তবে বড় বড় প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিলেও নিজের সময় ব্যবস্থাপনার নিয়মে কোনো ছাড় দেন না এই আর্জেন্টাইন কিংবদন্তি।