তিন বছর আগে হঠাৎ করেই ইতালির জাতীয় দলের দায়িত্ব ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন রবার্তো মানচিনি। সেই সিদ্ধান্ত নিয়ে এবার প্রকাশ্যেই অনুশোচনা করলেন অভিজ্ঞ এই কোচ। দ্বিতীয় দফায় ইতালির দায়িত্ব নেওয়ার পর নিজের ভুল স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে মানচিনি বলেন, ‘আমি সত্যিই গভীরভাবে দুঃখিত। এটি অনেকটা জীবনের সেরা ভালোবাসাকে হারিয়ে ফেলার মতো অনুভূতি। গত তিন বছরে যা কিছু ঘটেছে, সবকিছুর জন্যই আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
২০২১ সালে মানচিনির হাত ধরেই ইউরো শিরোপা জিতেছিল ইতালি। তবে ২০২৩ সালে আচমকাই দায়িত্ব ছেড়ে সৌদি আরবের কোচ হন তিনি। তার বিদায়ের পর ইতালির পারফরম্যান্সে বড় ধস নামে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
মানচিনি স্বীকার করেছেন, তৎকালীন ফেডারেশন সভাপতির সঙ্গে যোগাযোগের ঘাটতিই পরিস্থিতিকে জটিল করে তুলেছিল। তার ভাষায়, ‘পুরো ভুলটাই সম্পূর্ণভাবে আমার ছিল।’
তবে ইতালির কোচ হিসেবে ফেরার পথে তিনি ছিলেন না প্রথম পছন্দ। কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলা দায়িত্ব নিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত আবারও মানচিনির ওপর আস্থা রাখে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ।
আগামী ২৫ সেপ্টেম্বর বেলজিয়ামের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ দিয়েই শুরু হবে মানচিনির দ্বিতীয় অধ্যায়। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, অনেকে হয়তো এখনো ক্ষুব্ধ, তবে দলের ভালো পারফরম্যান্সের মাধ্যমে তিনি সবার আস্থা ও ক্ষমা ফিরে পেতে চান।