২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার হতাশা পেছনে ফেলে এখন দল পুনর্গঠনের পরিকল্পনায় নেমেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। নতুন প্রজন্মের ফুটবলারদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এই ইতালিয়ান কোচ।
ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, ইতালির জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। তার ভাষায়, ব্রাজিল ফুটবল কনফেডারেশন এবং দেশটির প্রতি দেওয়া প্রতিশ্রুতির কারণেই তিনি অন্য কোনো প্রস্তাব বিবেচনা করেননি।
বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার হতাশা স্বীকার করে আনচেলত্তি বলেন, দল প্রত্যাশিত ফল করতে পারেনি। তবে অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তার বিশ্বাস, ব্রাজিলে প্রতিভাবান ফুটবলারের অভাব নেই এবং তাদের নিয়েই নতুন করে শক্তিশালী দল গড়া সম্ভব।
এরই মধ্যে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র। ফলে ব্রাজিল দলে নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছে। আনচেলত্তি জানিয়েছেন, তরুণদের সুযোগ দেওয়া হবে, তবে অভিজ্ঞদের পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত এখনই নেওয়া হয়নি।
অ্যালিসন বেকার, কাসেমিরো, দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর মতো অভিজ্ঞ ফুটবলারদের অবদানের প্রশংসা করে ব্রাজিল কোচ বলেন, ফুটবলে একসময় একটি অধ্যায় শেষ হয়, আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হয়। সেই নতুন চক্রের দিকেই এখন নজর তাদের।