দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে। তাই এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না এই ডানহাতি পেসার।
হ্যামস্ট্রিং ও পেশির চোটের কারণে গত বছরের নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন হ্যাজেলউড। যদিও আইপিএলে খেলেছেন, তবে জাতীয় দলের হয়ে এখনও মাঠে নামা হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে ব্রিজবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে টানা অনুশীলন করছেন তিনি।
নিজের প্রস্তুতি নিয়ে হ্যাজেলউড বলেন, ‘দীর্ঘদিন পর এমন প্রস্তুতির সুযোগ পেয়েছি। অনেক সময় ধরে বোলিং সেশন করেছি। টানা দুদিন বোলিং সেশন রাখা হচ্ছে। বোলিংয়ের পাশাপাশি অন্যান্য কাজও হচ্ছে। টেস্ট ম্যাচের আবহ তৈরি করে প্রস্তুতি নিয়েছি। আগামী সপ্তাহেও এমন টানা বোলিং সেশন থাকবে।’
বাংলাদেশ সিরিজকেই এখন নিজের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। হ্যাজেলউডের ভাষায়, ‘আমি ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করছি। এখন আমার প্রধান লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলা। ঐ টেস্টের জন্যই নিজেকে প্রস্তুত করছি। আশা করি, ভালো ফল পাবো।’
দীর্ঘ বিরতির পর একাদশে জায়গা নিশ্চিত নয়, সেটিও জানেন এই পেসার। স্কট বোল্যান্ড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেটদের সঙ্গে জায়গার লড়াই হলেও সেটিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।
হ্যাজেলউড বলেন, ‘আগামী এক-দেড় বছর আমাদের অনেক টেস্ট ম্যাচ আছে। আশা করি, আমরা এক সঙ্গে ক্রিকেট খেলতে পারবো। শুধু প্যাট কামিন্স, মিচেল স্টার্ক বা স্কট বোল্যান্ডই নয়, মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেটও দলের সঙ্গে আছে। আমরা মনে হয়, ভবিষ্যতের সিরিজগুলোতে এই ছয়জনকে কোনো না কোনো সময় দরকার হবে।’
এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজেই টেস্ট ক্যারিয়ারের ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে হ্যাজেলউডের। এই কীর্তি গড়তে তার প্রয়োজন আর মাত্র ৫ উইকেট।