নতুন ঠিকানায় প্রথমবার ঘরের মাঠে নামা, আর সেই ম্যাচেই নায়ক হয়ে ওঠা—রবার্ট লেভানডস্কির জন্য রাতটা ছিল ঠিক এমনই। বয়স ৩৭ হলেও গোলের ক্ষুধা যে এখনো একটুও কমেনি, শিকাগো ফায়ারের জার্সিতে তার দুর্দান্ত পারফরম্যান্সেই সেটি আবারও প্রমাণ করলেন পোলিশ এই গোলমেশিন।
মেজর লিগ সকারে (এমএলএস) শার্লট এফসির বিপক্ষে পিছিয়ে পড়েও লেভানডস্কির জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে শিকাগো ফায়ার। সোলজার ফিল্ডে নিজের ঘরের মাঠের অভিষেকটা তাই স্মরণীয় করে রাখলেন সাবেক বার্সেলোনা তারকা।
ম্যাচের ১৮ মিনিটে প্রথম ধাক্কা খায় স্বাগতিকরা। পেপ বিয়েলের গোলে এগিয়ে যায় শার্লট। তবে মাত্র দুই মিনিট পরই দৃশ্যপট বদলে দেন লেভানডফস্কি। বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত শটে সমতায় ফেরে শিকাগো।
দ্বিতীয়ার্ধে আবারও নিজের জাত চেনান এই অভিজ্ঞ স্ট্রাইকার। ৬৮ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের নিখুঁত শটে দ্বিতীয় গোলটি করেন তিনি। তার এই গোলেই নিশ্চিত হয় শিকাগোর ২-১ ব্যবধানের জয়।
শেষদিকে শার্লট সমতা ফেরানোর মরিয়া চেষ্টা করলেও লেভানডস্কির দলকে আর থামানো যায়নি। ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে এমএলএসের চতুর্থ স্থান আরও শক্ত করেছে শিকাগো ফায়ার।
বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর গত জুনে দুই বছরের চুক্তিতে শিকাগোতে যোগ দেন লেভানডফস্কি। এমএলএসে প্রথম দুই ম্যাচে গোল না পেলেও তৃতীয় ম্যাচেই দেখালেন কেন তিনি এখনো বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকারদের একজন।