দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার আনুষ্ঠানিক পরিণতি পেতে যাচ্ছে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ আগামী শনিবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
প্রতিবেদন অনুযায়ী, পর্তুগালের মাদেইরা দ্বীপের রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এরপর শহরের বিলাসবহুল পাঁচতারকা স্যাভয় প্যালেস হোটেলে অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে। ইতোমধ্যেই হোটেলের কয়েকটি তলা ও বার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিয়ের আয়োজনের গুঞ্জনকে আরও জোরালো করেছে।
এর আগে পর্তুগালের সিন্ত্রায় বিয়ের খবর ছড়ালেও পরে সেটি ভুল প্রমাণিত হয়। নতুন তথ্য অনুযায়ী, নিজের জন্মস্থান মাদেইরাতেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে চান রোনালদো।
মাদেইরার সঙ্গে রোনালদোর সম্পর্ক শুধুই জন্মস্থানের নয়, এটি তার সংগ্রামেরও সাক্ষী। সেখানেই শৈশব কেটেছে পাঁচবারের ব্যালন ডি‘অরজয়ীর। মাত্র ১১ বছর বয়সে পরিবার ছেড়ে স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দিতে লিসবনে পাড়ি জমিয়েছিলেন তিনি। তাই জন্মভূমিতে ফিরে বিয়ের সিদ্ধান্তকে বিশেষ আবেগের বলেই মনে করা হচ্ছে।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। ২০১৬ সালে একটি বিলাসবহুল ফ্যাশন স্টোরে কাজ করার সময় জর্জিনার সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে শুরু হওয়া প্রেমের সম্পর্ক এখন বিয়ের মঞ্চে পৌঁছেছে। গত বছর জর্জিনাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। বিশ্বকাপ শেষ হওয়ার পর বিয়ে করবেন বলেও আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সবকিছু ঠিক থাকলে এবার সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।