মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গলফে শিরোপা জয়ের দাবি করেছেন। নিউ জার্সির নিজের মালিকানাধীন ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবের সিনিয়র চ্যাম্পিয়নশিপ জিতে সংগ্রহে যোগ করেছেন আরও দুটি ট্রফি। এর ফলে ট্রাম্পের দাবি অনুযায়ী, তার মোট গলফ শিরোপার সংখ্যা ৪০ ছাড়িয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ৮০ বছর বয়সী ট্রাম্প টুর্নামেন্টে ৭০ শটে (টু-আন্ডার পার) খেলা শেষ করেন। প্রতিযোগিতা শেষে লিডারবোর্ডের সামনে তাকে অভিনন্দন জানানো হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তার ডাবল শিরোপা জয়ের বিষয়টিও নিশ্চিত করা হয়।
তবে ট্রাম্পের গলফ সাফল্য নিয়ে বিতর্ক নতুন নয়। অতীতেও তার ঘোষিত স্কোর ও শিরোপার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়া সাংবাদিক ও সমালোচকেরা। গলফবিষয়ক লেখক রিক রাইলি একবার মন্তব্য করেছিলেন, ‘জোচ্চুরির স্কেল যদি ১ থেকে ১০ হয়, তবে ট্রাম্পের স্কোর ১১।’
ফলে নতুন এই শিরোপা জয়ের দাবিও আলোচনার পাশাপাশি বিতর্কের জন্ম দিয়েছে।