আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভেড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। অ্যাস্টন ভিলার সঙ্গে ট্রান্সফার ফি নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারায় তুরিনের ক্লাবটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, মার্টিনেজকে নিয়ে দুই ক্লাবের মধ্যে আলোচনা হলেও অ্যাস্টন ভিলার চাওয়া অর্থ দিতে রাজি হয়নি জুভেন্টাস। ফলে কাতার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক আপাতত অ্যাস্টন ভিলাতেই থাকছেন।
মার্টিনেজের ক্লাব ছাড়ার গুঞ্জন অবশ্য বেশ কিছুদিন ধরেই চলছিল। ২০২৫ সালের মে মাসে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ শেষে আবেগঘন বিদায় জানানোর মতো মুহূর্তের পর থেকেই তাকে ঘিরে শুরু হয় জল্পনা। তবে শেষ পর্যন্ত কোনো পক্ষের জন্য গ্রহণযোগ্য প্রস্তাব পাওয়া যায়নি।
২০২০ সালে আর্সেনাল থেকে প্রায় ১৭ মিলিয়ন ইউরোতে অ্যাস্টন ভিলায় যোগ দেন মার্টিনেজ। এরপর থেকে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বর্তমানে ছুটি কাটিয়ে ভিলার প্রাক-মৌসুম প্রস্তুতিতে ফিরবেন এই আর্জেন্টাইন তারকা।